১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার ওটিটিতে আরেফিন শুভর ‘নীলচক্র’

দুই বছরে ইন্টারনেটে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও ফাঁস, একের পর এক আত্মহত্যা, পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের এমন গল্পের সিনেমা ‘নীলচক্র’ আসছে ওটিটিতে।

এবার ওটিটিতে আরেফিন শুভর ‘নীলচক্র’
‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া অভিনেতা আরেফিন শুভর ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে। 

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায় আসছে সিনেমাটি। 

সিনেমার টিজার প্রকাশ করে ফেইসবুকে আইস্ক্রিন লিখেছে, “সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচন! সিনেমা ‘নীলচক্র’ আসছে আইস্ক্রিনে। পরিচালনায় মিঠু খান।”   

প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর থেকে ‘নীলচক্র’ দেখা যাবে। 

সিনেমার চিত্রনাট্যে দেখাচ্ছে, তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভরতা থেকে অপরাধে জড়িয়ে পড়ার গল্প। 

দুই বছরে ইন্টারনেটে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও ফাঁস, একের পর এক আত্মহত্যা, পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কী চায় তারা সেসব অনুসন্ধানে এক পুলিশ কর্মকর্তার মরিয়া ভূমিকায় এগিয়ে যাবে সিনেমার গল্প।  

‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমার দৃশ্য।। ছবি: পরিচালকের সৌজন্যে।

‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমার দৃশ্য

সিনেমাটি ওটিটিতে মুক্তি নিয়ে পরিচালক মিঠু খান গ্লিটজকে বলেন, “আমরা সিনেমার গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয়, এমন এক বিপজ্জনক বাস্তবতা। যারা সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারেনি তাদের জন্য বড় সুযোগ।”  

‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। 

এছাড়া আরো অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী ঊর্বী, পারভীন পারু, মনির আহমেদ শাকিল, নাজমা আনোয়ার।

এক ঘণ্টা ৫৩ মিনিটের সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী মিঠু খানের সঙ্গে যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা। সিনেমায় তিনটি গান রয়েছে। 

আরও পড়ুন:

শুভর 'নীলচক্র': চক্রের শেষ কোথায়শেষ দৃশ্য জমল কি?