২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর’: প্রেম নিয়ে অকপট জয়া

“হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই বিশেষ কেউ আছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 03:00 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

সহসা বিয়ের পিঁড়িতে বসতে না চাওয়া অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত তার সম্পর্কে থাকার কথা জানিয়েছেন।

জয়া বলেছেন, অনেক বছর ধরে একটি সম্পর্কে আছেন তিনি। তার নাম প্রকাশ না করলেও জয়া বলেছেন, তার প্রেমিক বিনোদন জগতের বাইরের একজন মানুষ।

এবারের কোরবানির ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’ সিনেমায় পাওয়া গেছে জয়াকে। এছাড়া কলকাতায় মুক্তি পেয়েছে তার দুইটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। 

এই দুই সিনেমার প্রচার উপলক্ষে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন জয়া। পাশাপাশি তার কাজ, ক্যারিয়ার, পছন্দের চরিত্র-নির্মাতা নিয়েও কথা বলেছেন তিনি।

সঞ্চালকের প্রশ্ন ছিল, ‘আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না?’

উত্তরে সহজভাবে জয়া বলেন, “হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।”

জয়া সেই ব্যক্তির নাম প্রকাশ না করে বলেছেন, তার সচেতন সিদ্ধান্ত ছিল সিনেমা জগতের কারো সঙ্গে তিনি সম্পর্কে জড়াবেন না। 

সম্পর্ক নিয়ে জয়া বলেন, “আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।"

কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তাও জানিয়েছেন জয়া।

অভিনেত্রী বলেন, “যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়। সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি, এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। 

দুজনের সম্পর্কের রসায়নের আভাস এসেছে জয়ার কথায়।

“এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। যারা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তারা জানেন তাদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। 

“আমরা নিজেদের মত থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।”

প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন জয়া আহসান।

জয়া বলেন, “এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, সেটাও জানি না। কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কি না, তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।”

বিয়ে নিয়ে কি তাহলে প্রস্তুত নয়? এমনটাও মানছেন না অভিনেত্রী।

তিনি বলেছেন, বিয়ে নিয়ে তার ভেতরে ভীতি কাজ করে।

জয়া বলেন, “আসলে এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। এ বিষয়ে আমার ভেতর ভীতি কাজ করে। আমার আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।”