১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৃণালের ‘খারিজ’ আসছে ‘পালান’ হয়ে

মৃণাল সেনের জন্মশতবর্ষে তাকে উৎসর্গ করে কৌশিক ‘পালান’ তৈরি করেছেন ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 12:50 PM

Updated : 16 Aug 2023, 04:05 PM

গৃহকর্ত্রীর অবহেলার কারণে শিশু গৃহকর্মী পালানের মৃত্যু আর বিচারহীনতার গল্পে চার দশক আগে ‘খারিজ’ সিনেমায় কলকাতার চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন ছুঁয়েছিলেন দর্শক মন, জিতেছিলেন আন্তর্জাতিক পুরস্কার। এবার সেই সিনেমার নতুন রূপায়ন দিয়েছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, মৃণাল সেনের জন্মশতবর্ষে তাকে উৎসর্গ করে কৌশিক ‘পালান’ তৈরি করেছেন । এ সিনেমার পোস্টার উন্মোচন হয়েছে মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবসে।

ফেইসবুকে পোস্টারটি শেয়ার করেছেন কৌশিক গাঙ্গুলি। ক্যাপশনে লিখেছেন, ‘আত্মমর্যাদার স্বাধীনতা’।

১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণালের ‘খারিজ’ সিনেমায় অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত ও শ্রীলা মজুমদার।

‘খারিজ’ এর দুই প্রধান অভিনয় শিল্পী মমতা ও অঞ্জনকে ‘পালান’ এ এনেছেন কৌশিক।

মমতা শঙ্কর বলেন, ‘মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কোনোদিনই ভোলার নয়। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় ‘মৃগয়া’ সিনেমার প্রথম শট দিচ্ছি। কৌশিকের এই ছবিতে সেই স্মৃতিগুলো আবার স্পষ্ট হয়ে উঠবে।”

অঞ্জন দত্তের ভাষ্য, “আমাকে সেলুলয়েডের গন্ধ শুঁকিয়েছেন মৃণাল সেন।“

‘পালান’ তৈরির খবরে স্মৃতিতে ভেসেছেন অভিনেত্রী শ্রীলা মজুমদারও। তিনি বলেন “অনেক বড় মাপের মানুষ ছিলেন মৃণাল সেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তার সঙ্গে কাজ করতে পেরেছি।“

নির্মাতা কৌশিক বলেছেন, মৃণালের ‘খারিজ’ সিনেমাই তাকে নির্মাতা হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছিল। আর সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই এবার ‘খারিজ’ সিনেমাকে নতুন যুগের রূপ দিয়েছেন তিনি।

মমতা, অঞ্জন এবং শ্রীলা ছাড়াও ‘পালান’ সিনেমায় যুক্ত হয়েছেন যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম।

আগামী ২২ সেপ্টেম্বর ‘পালান’ মুক্তির কথা রয়েছে।

কার দোষে মরেছিল পালান?

কলকাতার একটি শিক্ষিত ও মধ্যবিত্ত পরিবারে একজন শিশু গৃহকর্মী পালানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ চলচ্চিত্র বানিয়েছিলেন মৃণাল সেন।

সিনেমায় দেখা যায়, গৃহকর্ত্রীর অবহেলার কারণে পালানের মৃত্যু হলেও থানা-পুলিশ, হাসপাতালের ডাক্তার, রাজনৈতিক নেতা এবং এলাকার মাস্তানদের ‘ম্যানেজ’ করে পরিবারটি ওই মৃত্যুর দায় পুরোপুরি এড়িয়ে যায়।

পরে পালানের বাবা তার ছেলের মৃত্যুর কথা জানতে পারেন।

কিন্তু একজন প্রান্তিক ও অসহায় মানুষের পক্ষে নিজের সন্তানের অবহেলাজনিত মৃত্যুর বিচার চাওয়ার অবস্থা ছিল না। প্রশ্ন ওঠে পালানের মৃত্যুর পেছনে আসলে দায় কার।