সোহেল রানার ভাই প্রযোজক কামাল পারভেজ মারা গেছেন
‘বিশ্বপ্রেমিক’ ছাড়াও কামাল পারভেজ প্রযোজনা করেছেন 'বীরপুরুষ', 'আমি শাহেনশাহ' এবং 'চারদিকে অন্ধকার' সিনেমা।
নব্বই দশকের জনপ্রিয় ‘বিশ্বপ্রেমিক’ সিনেমার প্রযোজক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ মারা গেছেন।
শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রযোজকের মৃত্যু হয়; তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি অভিনেতা সোহেল রানা ও মাসুম পারভেজ রুবেলের ভাই।
কামাল পারভেজের মৃত্যুর খবর গ্লিটজকে জানিয়েছেন সোহেল রানার ছেলে অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ।
মাশরুর পারভেজ বলেন, “বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে আইসিউতে নিয়ে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।”
উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা হয়েছে কামাল পারভেজের। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। তিনি ছাড়াও বাকিরা হলেন সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ), জুয়েল পারভেজ, নেহাল পারভেজ ও মাসুম পারভেজ (রুবেল)।
‘বিশ্বপ্রেমিক’ ছাড়াও কামাল পারভেজ প্রযোজনা করেছেন 'বীরপুরুষ', 'আমি শাহেনশাহ' এবং 'চারদিকে অন্ধকার' এর মত সিনেমা। ‘বীরপুরুষ’ সিনেমায় সোহেল রানা ও রুবেলের সঙ্গে অভিনয়েও দেখা যায় কামাল পারভেজকে।
