Published : 12 May 2026, 09:33 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা তরুণদের ব্যান্ড 'দি জাংকারস' প্রকাশ করেছে তাদের প্রথম একক গান 'নীরব প্রতিক্ষা'।
গানটির কথা লিখেছেন শেখ সাকিব মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের ভোকাল উৎস দাস। গানটির প্রযোজনা করেছে 'গিটার হল'।
'দি জাংকারস' বলছে, এক্সপেরিমেন্টাল মডার্ন রক ঘরানার এ গানটির মূল উপজীব্য হল সম্পর্কের এমন এক পর্যায়, যেখানে প্রিয় মানুষটির অনুপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে জোরালো উপস্থিতি।
“মনের গহীনে জমে থাকা না-বলা কথা, দীর্ঘদিনের দূরত্ব এবং একতরফা অপেক্ষার এক সূক্ষ্ম সংমিশ্রণ ফুটে উঠেছে গানের প্রতিটি ছন্দে। গানের শেষাংশে ফুটে উঠেছে এক আবেগঘন আত্মসমর্পণ- যেখানে সময় বদলালেও অনুভূতিগুলো রয়ে যায় অমলিন, অমীমাংসিত।”
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক তরুণ সংগীতপ্রেমীদের মধ্যে গানটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে আলোচনা হচ্ছে।
সাইফুর রহমান শোভন নামে এক শিক্ষার্থী ফেইসবুকে লিখেছেন, ‘গানটির কথা ও সুরে আলাদা একটা অনুভূতি আছে। বিশেষ করে তরুণদের আবেগ ও অপেক্ষার গল্পকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। নতুন ব্যান্ড হিসেবে দি জাংকারস দারুণ সম্ভাবনার পরিচয় দিয়েছে।”
‘দি জাংকারস’-এর ভোকাল ও কম্পোজার উৎস দাস বলেন, “'নীরব প্রতিক্ষা' কেবলই একটি গান নয়, বরং আমাদের অনেকের জীবনের না-বলা কিছু অনুভূতির প্রতিচ্ছবি। আমরা সবাই কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, যা সহজে কাউকে বোঝানো যায় না। সেই অব্যক্ত আবেগগুলোই আমরা সুরে বাঁধার চেষ্টা করেছি।”
‘দি জাংকারস’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং অ্যাপল মিউজিকেও গানটি শোনা যাচ্ছে।