প্রথমবার যুগল পরিবেশনায় সুজিত ও মুনমুন
“আমরা তো গানবাজনা শিখেছিলাম মানুষের সামনে আসবার জন্য।”
সংগীতশিল্পী সুজিত মোস্তফা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রথমবারের মত যুগল পরিবেশনা করতে যাচ্ছেন। আর্টিস্ট ক্লাবের আয়োজনে ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’ নামের অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে উঠবেন এই দম্পতি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ১৫ মে এই আয়োজন হতে চলেছে। দুই ঘণ্টার এই আয়োজনে সুজিত মোস্তফা গান গাইবেন প্রায় দেড় ঘণ্টা। যেখানে তিনি নিজের মৌলিক গান, তার লেখা সুর করা, তার বাবা আবু হেনা মোস্তফা কামালের লেখা বিখ্যাত কিছু গান এবং হারানো দিনের গান পরিবেশন করবেন।
পাশাপাশি থাকবে সুজিত ও মুনমুন যুগলের বিশেষ পরিবেশনা। এছাড়াও কত্থক নৃত্য, নজরুলের গানের উপরে মুনমুন আহমেদের নৃত্য পরিবেশনাও থাকবে।
তিন দশকের বেশি দাম্পত্য জীবন সুজিত ও মুনমুনের। এত বছরে প্রথমবার একসঙ্গে মঞ্চে।
এত বছরে কেন 'প্রথমবার হবে বিষয়টা' প্রশ্নে হাসির সুরে সুজিত মোস্তাফা গ্লিটজকে বলেন, “মুনমুন তো ধ্রুপদী ও শাস্ত্রীয় পরিবেশনা করেন। আমিও এই ধারাতেই। সাধারণত বাংলাদেশে যে ধরনের আসর হয়, সেটা হয় শুধু উচ্চাঙ্গ কণ্ঠসংগীতের, অথবা শুধু নৃত্যানুষ্ঠান। দুইটা মিলিয়ে যেটা হয়, সেটা হয়ত অনেক শিল্পীদের মধ্যে আমি গান করেছি, সে নাচ করেছে, কিন্তু শুধুমাত্র আমাদের দুইজনের আলাদা একসঙ্গে পারফর্ম করা হয়নি।
“কারণ ডুয়েট করতে গেলে সেটা তো আয়োজন করতে হয় কোনো কর্পোরেট ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে। আমাদের দেশে সেরকম উদ্যোগ কেউ নেয়নি। তাই শুধু দুইজনের অনুষ্ঠান হচ্ছে, এটা প্রথম।”
আর্টিস্ট ক্লাবের উদ্যোগে নিয়ে সুজিত মোস্তাফা বলেন, “আর্টিস্ট ক্লাব হচ্ছে বাংলাদেশে শিল্পীদের প্রথম ক্লাব। এবং এটার সাথে শুধু গানের বা নাচের শিল্পী না, সব সেক্টর, আটটা বড় সেক্টর, তার শাখাপ্রশাখা মিলিয়ে ৬১টা সেক্টর আছে। এই সব সেক্টরের সৃজনশীল মানুষকে নিয়ে এই ক্লাব। এই ক্লাবটা অন্য ক্লাবের মত হুটহাট করে দাঁড়িয়ে যায় না, কারণ এখানে অনেক বিত্তশালী ব্যক্তি নেই যে অনেক টাকা বিনিয়োগ করবে। কারণ শিল্পীরা তো তুলনামূলকভাবে দুর্বল কমিউনিটি।
“এই ক্লাবটা আমরা করেছি, আমার বিশ্বাস, এই ক্লাবটা এক সময় বাংলাদেশের সব থেকে উজ্জ্বল ক্লাব হবে। কারণ যখন এখানে সব সেক্টরের আর্টিস্টরা আসবে, সেটার একটা অন্য গুরুত্ব, অন্য ওজন, অন্য গ্ল্যামার তৈরি হবে।”
এই অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে সুজিত মোস্তাফা বলেন, “এখন তো আমরা একটা যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্লাবের জন্য কিছু ফান্ড রেইজ করা। এই কারণে আমরা এখানে পারফর্ম করতে রাজি হয়েছি, আমার এতে পারফর্ম করার জন্য একদমই কোনো পারিশ্রমিক নিচ্ছি না। আমরা আমাদের কাজ দিয়ে একটা ভালো উদাহরণ তৈরি করে যাচ্ছি ক্লাবের জন্য।”
সুজিত মোস্তাফা আরও বলেন, “এখন তো সিরিয়াস গানবাজনার অনুষ্ঠান কম। সেই রকম একটা অবস্থায় আমরা একটা প্রোগ্রাম ইন্টারকন্টিনেন্টালে করছি, যেখানে বেশ কিছু বিদেশি অতিথি থাকবেন। তাদের কাছেও আমাদের সংস্কৃতিটা তুলে ধরা। আর এই আয়োজনে পারফর্ম করতে পারা এটা তো ভালো লাগছেই। আমরা তো গানবাজনা শিখেছিলাম মানুষের সামনে আসবার জন্য।
“কিন্তু যতটুকু আসতে পেরেছি, তার মধ্যে অনেক বাধা অতিক্রম করতে হয় আমাদের। আমাদের দেশে তো যাদের সত্যি কিছু সৃজনশীলতা আছে, মেধা আছে, তারা কোণঠাসা হয়ে যায়। তো সেই জন্যই এত দেরিতে হলে আমাদের একসঙ্গে পারফর্ম করা।”
আয়োজকরা জানিয়েছে অনুষ্ঠানের টিকেট মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা।
পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতচর্চায় আছেন সংগীতশিল্পী সুজিত মুস্তাফা। অন্যদিকে নৃত্যশিল্পী মুনমুন আহমেদও নৃত্যশিল্পে কাটিয়ে দিয়েছেন প্রায় পাঁচ দশক।
