ভারত-পাকিস্তানের ‘তিক্ততা মেটানোর দাওয়াই দিলেন’ আমজাদ আলী খান
“সংগীতই পারে ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে।’’
ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ও সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান মনে করেন, কেবল সংগীতের মাধ্যমেই বিভেদের সমস্যা ‘মিটিয়ে ফেলা সম্ভব’।
তার ভাষ্য, সংগীতই পারে ঐক্য এবং সাম্প্রদায়িক ‘সম্প্রীতি সৃষ্টি করতে’।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতে লখনউে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অনুষ্ঠানে সরোদ বাজিয়ে শোনানোর পর শ্রোতাদের উদ্দেশে কথা বলছিলেন আমজাদ আলী খান।
তিনি বলেন, “শুনলে হয়ত অবাক হয়ে যাবেন, কিন্তু ভারত এবং পাকিস্তানের মানুষকেও এক করতে পারে শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতকে এক কথায় বলা হয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত।“
কথায় কথায় সংগীতের ক্ষমতা বোঝাতে তিনি বলেন, “এটা পরীক্ষিত যে, গান মানুষের সমস্ত রোগ সারিয়ে দিতে পারে। তিহার জেলে বন্দিদের রাতে অথবা ভোরে গান শোনানো হত। মানসিক এবং শারীরিকভাবে তারা সুস্থ থাকতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হত।“
তবে সঙ্গীতকে গ্রহণ করার জন্য যোগ্য শ্রোতা তৈরিতে তাগিদও দিয়েছেন আমজাদ আলী খান।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সঙ্গীতের অবদান কতখানি তা বোঝাতে তিনি বলেন, “আমি যে সরোদটি বাজাই, সেটি তৈরি করেছেন হেমেন্দ্র চন্দ্র। হেমেন্দ্র বাবু যদি এত নিখুঁত সরোদ তৈরি না করতে পারতেন, তাহলে হয়তো আমার বাজান হত না।
“আমি যে তবলা বাদকের সঙ্গে পারফর্ম করি, সেই পণ্ডিত কিষাণ মহারাজ আমার বড় ভাইয়ের মতো। এইভাবেই সঙ্গীতের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়।“
আমজাদ আলী খানা জানিয়েছেন দেড় দশক আগে তিনি লখনউতে এসেছিলেন সরোদ বাজাতে। “আমার পিতামাহ ওয়াজিদ আলি শাহের দরবারে সরোদ বাদক ছিলেন। নবাবি আমলের পতনের কয়েক বছর পর আমাদের গোটা পরিবারের চলে আসে গোয়ালিয়র।
“১৫ বছর পর যখন লখনউ এলাম, তখন দেখলাম অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ঠাকুরগঞ্জে বেগম আখতারের (গায়িকা ও অভিনেত্রী) মাজার পরিদর্শন করতে গিয়ে মনে হল, রাস্তাঘাটের উন্নতি প্রয়োজন। এটি শুধুমাত্র ভারতের মানুষের জন্য নয়, বিদেশ থেকে যারা বেগম আখতারকে শ্রদ্ধা জানাতে আসেন, তাদের জন্যেও ভীষণ প্রয়োজন।“
