২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কাজাখস্তানে 'দমের' প্রথম ধাপের শুটিং শেষ, প্রস্ততি দ্বিতীয় ধাপের

কিছুটা বিরতি নিয়ে দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন রনি।

কাজাখস্তানে 'দমের' প্রথম ধাপের শুটিং শেষ, প্রস্ততি দ্বিতীয় ধাপের
'দম' সিনেমার পোস্টার ও আফরান নিশো

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 10:49 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

‘সারভাইবাল’ গল্প নিয়ে পরিচালক রেদওয়ান রনি 'দম' নামের যে সিনেমাটি শুরু করেছিলেন, সেই সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে। 

তীব্র ঠান্ডার মধ্যে সেখানে শারীরিক ঝুঁকি নিয়ে টানা দৃশ্যধারণ হয়েছে। কিছুটা বিরতি নিয়ে শিগগিরই দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন রনি। 

সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে। তাকে নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এক ফেইসবুক পোস্টে রনি লিখেছেন, "কাজাখস্তানের বরফঢাকা পাহাড়ি এলাকায় একেবারে সীমিত সুযোগ–সুবিধার মধ্যে শুটিং করতে হয়েছে। এর মধ্যে একদিন তো পাহাড়ের মোড় ঘুরতেই পাথরে হাত কেটে যায় নিশোর। সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা নেওয়ার মত অবস্থাও ছিল না। জায়গাটা খুবই দুর্গম ছিল। তাই শুটিং বন্ধ করে বিশ্রামে যাওয়ার কথা ভাবেননি নিশো। হাতে ব্যান্ডেজ নিয়েই পরের দৃশ্যগুলোর শুটিং করেছেন তিনি।"  

পরিচালক মনে করেন, এই সিনেমার জন্য যেভাবে শিল্পীরা কাজ করেছেন, এমনটা ‘সচরাচর হয় না’।

সিনেমার মহরত অনুষ্ঠানে রেদওয়ান রনি বলেছিলেন, "এই সিনেমা তৈরি করতে অনেক বেশি দমের প্রয়োজন রয়েছে। আমরা শুটিংয়ের জন্য কাজাখস্তান বেছে নিয়েছি। এই লোকেশনে, এই তাপমাত্রায় শুটিং করা আমাদের জন্য খুব কষ্টের হবে। দম সিনেমার গল্পটা একটা সত্যি ঘটনার অনুপ্রেরণায় তৈরি।

“সিনেমাটি আমাদের দেশের প্রতিটা মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে। আমি আরেকটা সিনেমার কাজ করছিলাম, কিন্তু এই গল্পটা যখন আমি পড়ি, তখন আমার মনে হয়েছিল, এই সিনেমা দিয়ে আমি দীর্ঘদিন পর কামব্যাক করতে পারব।"

অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে দুই বছর আগে এ সিনেমা বানানোর ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। 

সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। 

সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে আছেন সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। 

আরও পড়ুন: 

'দমে' নিশোর সঙ্গে পূজা, মহরতে এলেন পালকিতে