Published : 18 May 2026, 01:32 PM
বলিডি তারকা শাহরুখ খানের ‘কিং’ সিনেমার একের পর এক শুটিংয়ের দৃশ্য প্রকাশ্যে আসছে। কখনও শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের নাচের মুহূর্ত ছড়িয়ে পড়ছে, কখনো বা সুহানা খানের দেখা মিলছে। এবার ফাঁস হয়েছে খলনায়ক চরিত্রে অভিষেক বচ্চনের লুক।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কিছু দিন আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দ অনুরোধ জানিয়েছিলেন, এই ভাবে যেন শুটিংয়ের দৃশ্য ফাঁস করে না দেওয়া হয়।
তাতে বিশেষ লাভ হয়নি। কারণ, তার পরেও একই ঘটনা ঘটেছে। যে ছবিটা ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে রুক্ষ পাহাড়ি এলাকায় একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন অভিষেক। হাতে বন্দুক।
সম্প্রতি এই সিনেমার একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এখন শুটিংয়ের কাজ চলছে মুম্বাইয়ে।
তবে পশ্চিম এশিয়ায় ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব পড়েছে ‘কিং’ সিনেমার শুটিংয়ের সূচিতে। সিনেমার বড় অ্যাকশন সিকোয়েন্স দুবাইয়ের মরুভূমিতে শুট হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয় গেল মাসে।
এরপর মুম্বাইয়ে মরুভূমির সেট তৈরি করে শুটিং সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সিনেমা টিম।
চলতি বছরের ডিসেম্বরের ২৪ তারিখে মুক্তি পাচ্ছে ‘কিং’।
‘কিং’ সিনেমার মূল চমক হল সুহানা খান। বাবার সঙ্গে ‘কিং’ দিয়েই মূলত ব্ড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার। এই সিনেমার জন্য মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও নিজে হাতে দিয়েছেন শাহরুখ।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।
আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুনোন, অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।
এছাড়া রানি মুখার্জি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।
সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।