১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে দেখা দিলেন হেনা, কিন্তু বাপ্পার যে দেরি হয়ে গেছে!

ভাইরাল সেই ভিডিও দৃশ্যটি পুনরায় তৈরি করে নাঈম শাবনাজ নামের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

অবশেষে দেখা দিলেন হেনা, কিন্তু বাপ্পার যে দেরি হয়ে গেছে!
বাপ্পারাজ, নাঈম ও শাবনাজ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 12:13 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

হেনা আর বকুলের ‘প্রেমের সমাধির’ সেই ভাইরাল দৃশ্য তিন দশক পর পুনর্নির্মাণ করেছেন বাপ্পারাজ ও শাবনাজ।

প্রায় ২৯ বছর আগে মুক্তি পাওয়া ইফতেখার জাহান পরিচালিত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি সংলাপ সম্প্রতি ভাইরাল হয়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাপ্পারাজের সংলাপ- ‘চাচা, হেনা কোথায়?’ 

সিনেমার সেই দৃশ্যে দেখা যায়, হেনাকে খুঁজতে তার বাড়িতে গিয়ে বকুল দেখেন হেনার বিয়ে হয়ে গেছে। বাপ্পারাজ ও শাবনাজ সেখানে অভিনয় করেন বকুল ও হেনার চরিত্রে।

সেই দৃশ্য পুনর্নির্মাণ করেছেন তারকা দম্পতি নাঈম ও শাবনাজ; সঙ্গে আছেন সেই বাপ্পারাজ। ‘অবশেষে হেনার খোঁজ মিলল’ শিরোনামের ওই ভিডিও নাঈম শাবনাজ নামের ফেইসবুক পেইজে পোস্ট করা হয়েছে।

সেখানে দেখা যায়, গাড়ি চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাকে জিজ্ঞেস করেন, "নাঈম ভাই, হেনা কোথায়?’    

নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, "বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে।”

তারপর নাটকীয় স্টাইলে চিৎকার করে বাপ্পারাজ বলেন, "না, আমি বিশ্বাস করি না।"

ওই কথা বলে ভগ্নহৃদয় বাপ্পারাজ জড়িয়ে ধরেন নাঈমকে। তাদের পেছন থেকে সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ইমন সাহা, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন– 'প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়' গানটি।

আর বাপ্পারাজের উদ্দেশে হাত নেড়ে বেরিয়ে আসেন শাবনাজ।  

অভিনেতা নাঈম সম্প্রতি তার টাঙ্গাইলের বাড়িতে এক আড্ডার আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বাপ্পারাজসহ অনেকেই।

ত্রিভূজ প্রেমের গল্পট নিয়ে প্রেমের সমাধি সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। ইফতেখার জাহানের পরিচালনায় সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। প্রধান চরিত্রে বাপ্পারাজ ও শাবনাজের সঙ্গে ছিলেন অমিত হাসান। 

সে বছর ব্যাপক ব্যবসাসফল সেই সিনেমার ‘প্রেমের সমাধি ভেঙ্গে’সহ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। 

১৯৯৬ সালে নির্মম চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাবনাজের (যার পোশাকি নাম সাবরীনা তানিয়া) ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমা দিয়ে। 

সেই সিনেমায় তার নায়ক ছিলেন নাঈম। নব্বইয়ের দশকের বাংলা সিনেমার এই জনপ্রিয় জুটি পরে জীবনেও জুটি বাঁধেন। 

আর নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ ১৯৮৬ সালে চাঁপা ডাঙ্গার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 

প্রেমের সমাধি, প্রেমগীত, হারানো প্রেম, ভালোবাসা কারে কয়, ভুলোনা আমায়, বুক ভরা ভালোবাসা - এরকম বেশ কিছু ত্রিভুজ প্রেমের সিনেমায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সেজন্য এখনো ফেইসবুকের অনেক মিমে বাপ্পারাজ ফিরে ফিরে আসেন 'ব্যর্থ প্রেমিক' হয়ে।