১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

টিকেট বাতিল করে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে শামিল জয়া

ভারতের স্বাধীনতা দিবসের আগে এমন একটি আয়োজনে অংশ নিয়ে জয়া ‘অনুপ্রাণিত’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 02:15 AM

Updated : 19 Sep 2026, 02:31 PM

নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হল ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ঢাকায় ফেরার উড়োজাহাজের টিকেট বাতিল করে তাতে অংশ নিয়েছেন জয়া আহসান। 

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ লিখেছে, এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৫ হাজার নারী। তাতে অভিনেত্রীদের মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইন্দ্রাণী হালদার, ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, মৌবনী সরকার, মুমতাজ সরকার, রিচা শর্মা, , সায়ন্তনী গুহঠাকুরতা, দেবাদৃতা বসু, স্বর্ণালী কাঞ্জিলাল, সুচন্দ্রা ভানিয়াসহ আরও অনেকে।

এই নারীদের বার্তা হল ‘স্বাধীনতা কোনও নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের’। ভারতের স্বাধীনতা দিবস ছিল শনিবার। সে উপলক্ষে শুক্রবার রাতে বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে থেকে এই বিশেষ পদযাত্রা শুরু হয়ে গড়িয়াহাট ফ্লাইওভার হয়ে গোলপার্ক ঘুরে ফের বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে এসে শেষ হয়।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের আমন্ত্রণে পদযাত্রায় যোগ দেন জয়া আহসান। তার ঢাকায় ফেরার কথা ছিল ওইদিন। কিন্তু পদযাত্রার আমন্ত্রণ পেয়ে ফ্লাইটের টিকেট বাতিল করেন অভিনেত্রী।

পদযাত্রায় রাতের কলকাতায় একঝাঁক তারকার সঙ্গে তাকেও গানে গলা মেলাতে দেখা যায়। আবার কখনো পোস্টার কিংবা নেতাজি সুভাষ চন্দ্রের ছবি হাতে এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা যায় অভিনেত্রীকে।

জয়া বলেন, ভারতের স্বাধীনতা দিবসের আগে এমন একটি আয়োজনে অংশ নিয়ে তিনি অনুপ্রাণিত।

তিনি বলেন, “সবাই স্বতঃস্ফূর্ত যেভাবে এই আয়োজনের সাথি হয়েছে, তাতে বোঝা যায় আমরা যে লাইনটা (স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের) বলছি, সেটার সঙ্গে সবাই কতটুকু মার্চ করে গেছে।”

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন জয়া। কাজের জন্য বছরের অনেকটা সময় কলকাতায় থাকতে হয় তাকে। 

কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি।