কবরীর জন্মদিন ঘিরে তিনদিনের যে আয়োজন
শনিবার প্রচার হবে সিনেমা ‘মাসুদ রানা’।
ষাটের দশকের মাঝামাঝিতে চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারের স্কুল পড়ুয়া কিশোরী মিনা পালের চলচ্চিত্রে অভিষেক হয় 'কবরী' নামে; সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে। সেই থেকে কবরী নামেই খ্যাতি ছড়িয়ে পড়ে তার।
শনিবার এই অভিনেত্রীর ৭৫তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে চ্যানেল আই আয়োজন করেছে তিন দিনব্যাপী নানা আয়োজনের।
ওই আয়োজনে কবরী অভিনীত চলচ্চিত্র, সিনেমার গান ও মৃত্যুর আগে দেওয়া তার বিশেষ সাক্ষাৎকার প্রচার তালিকায় রেখেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, শনিবার প্রচার হবে সিনেমা ‘মাসুদ রানা’, রোববার দেখা যাবে ‘বধূ বিদায়’ এবং সোমবার ‘বিনিময়’ সিনেমা দেখানো হবে।
সিনেমা ছাড়াও এই তিন দিনে প্রচার হবে কবরী অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’ শিরোনামের একটি অনুষ্ঠান।
রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে আবদুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’।
সোমবার অভিনেত্রী মৌসুমীর উপস্থাপনায় কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’ প্রচার হবে দুপুর ১২টা ৫ মিনিটে।
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেওয়া মিনা পালের শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। মাত্র ১৪ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিষেকের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন কবরী।
প্রথম চলচ্চিত্রে দর্শকদের গ্রহণযোগ্যতা পাওয়ার পর ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’, জহির রায়হানের ‘বাহানা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন; অভিনয় গুণে কবরী পেয়েছেন আকাশচুম্বী তারকাখ্যাতি।
‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘ময়নামতি’, ‘নীল আকাশের নীচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দর্প চূর্ণ’, ‘কাঁচ কাটা হীরে’, ‘দীপ নেভে নাই’, ‘স্মৃতিটুকু থাক’, ‘রংবাজ’, ‘লালন ফকির’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
‘সারেং বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনয়ের পাশাপাশি কবরী সিনেমা পরিচালনাও করেছেন, ছিলেন প্রযোজনার গুরু দায়িত্বেও। রাজনীতিতে সক্রিয় হয়ে হয়েছিলেন সংসদ সদস্যও।
২০২১ সালের ১৭ এপ্রিল কোভিড মহামারীতে মারা যান কবরী।
