মার্শাল আর্টভিত্তিক সিনেমা
বলিউডি অভিনেতা অক্ষয় কুমারের মার্শাল আর্ট প্রীতির কথা কারও অজানা নয়। আর এবার সেই ধারাতেই মার্শাল আর্টকে ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণের কথা চিন্তা করছেন ওই অভিনেতা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
যুক্তরাজ্যের রিপোর্টারদের সঙ্গে ফোনালাপে অক্ষয় বলেন, “মার্শাল আর্টভিত্তিক একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি আমরা। মার্শাল আর্ট আমার খুবই প্রিয় একটি বিষয়। সিনেমাটির চিত্রনাট্য লেখা হচ্ছে। সিনেমায় মার্শাল আর্টের মূল দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমরা।”
বলিউডে পা রাখার আগে ব্যাংককে মার্শাল আর্ট নিয়ে পড়াশুনা করেছেন অক্ষয়। এরপর মুম্বাই ফিরে মার্শাল আর্ট শেখাতেন তিনি।
তিনি বলেন, “খেলাধূলা আমার প্রিয় একটি বিষয়। আর আমি যতটা সম্ভব এটিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।”
যদিও অক্ষয়ের হরি ওম প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিতব্য সিনেমাটিতে নিজে অভিনয় করবেন কিনা, এ বিষয়ে এখনও নিশ্চিত নন তিনি। তিনি বলেন, “আমি এখনও জানি না ওই সিনেমাতে আমার উপযোগী কোনো চরিত্র থাকবে কিনা।”
অক্ষয় অভিনীত মিলান লুথরিয়ার ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ সিনেমাটি ১৫ অগাস্ট মুক্তি পাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইমরান খান, সোনাক্ষি সিনহা এবং সোনালি বেন্দ্রে।
