‘সবচেয়ে জনপ্রিয়’ বাবা শাহরুখ
১৬ জুন বিশ্ব বাবা দিবস উপলক্ষে একটি ওয়েবসাইটের আয়োজিত ভোটে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাবা নির্বাচিত হয়েছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। ভোটে অমিতাভ বচ্চনকেও টপকে গেছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় বাবা দিবসের একদিন আগে অর্থাৎ ১৫ জুন। ওই নির্বাচনে প্রায় ১১,০০০ ভারতীয় নারী অংশ নেন।
শাহরুখ ৩৪.৮৩ শতাংশ ভোট পান। অমিতাভ পেয়েছেন ৩১.৫৮ শতাংশ ভোট। শচীন টেন্ডুলকার পেয়েছেন ১৮.৬১ শতাংশ ভোট।
ওয়েবসাইটটির সিইও গৌরব রাক্সিত বলেন, “তালিকায় ভারতের সফল কয়েকজন বাবা স্থান পেয়েছেন। যাদের কাজ তাদেরকে জনপ্রিয় বাবার স্থান অর্জনে সাহায্য করেছে।”
অন্যদিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাবা-মেয়ে জুটির দিক দিয়ে এগিয়ে আছেন অমিতাভ এবং তার মেয়ে শ্বেতা। এরপরই আছেন জিতেন্দ্র এবং তার মেয়ে একতা কাপুর এবং অনিল কাপুর ও সোনাম কাপুর।
