পেছাল ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এগেইন’-এর মুক্তি
অক্ষয় কুমার অভিনীত বলিউডি সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এগেইন’ মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টকে। জানা গেছে, অভিনেতা শাহরুখ খানের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
শাহরুখ সিনিয়র অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে কথা বলে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভির সঙ্গে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এগেইন’ সিনেমার নির্মাতাদের কথা বলার ব্যবস্থা করেন।
শাহরুখ এক বিবৃতিতে বলেন, “বলিউডি সিনেমা মুক্তির জন্য ছুটির দিন বিধায় ৮ অগাস্ট এবং ১৫ অগাস্ট এ দুটি দিন খুবই উপযুক্ত। জিতেন্দ্র স্যারই আমাকে বিষয়টি দেখিয়েছেন। আর তার সিদ্ধান্তেই সিনেমাটির মুক্তির দিন পিছানো হয়েছে।”
তিনি আরও বলেন, “সিনেমাটির মুক্তি পেছানোর সিদ্ধান্তে ইউটিভি, রোহিত এবং আমি খুবই খুশি হয়েছি। আর এ সিদ্ধান্ত নেওয়ার জন্য জিতু স্যার এবং বালাজি মোশন পিকচার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ।”
অন্যদিকে এ সিদ্ধান্তে খুশি হয়েছেন একতা কাপুরও। তিনি বলেন, “আমার বাবা এবং শাহরুখ দুটি সিনেমার ভালোর কথা ভেবেই উপযুক্ত সিদ্ধান্তটি নিয়েছেন। দুটি সিনেমাই অনেক বড় বাজেটের এবং অনেক বেশি প্রতীক্ষিত। আর এ জন্য শাহরুখকে ধন্যবাদ জানাই আমি।”
