২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার আত্মহত্যা : ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা

জিয়া খানের আত্মহত্যার ঘটনায় তার সাবেক প্রেমিক সুরাজ পাঞ্চোলির সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখতে মরদেহের ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে মুম্বাই পুলিশ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার তিনদিন পর তার মা রাবিয়া একটি ছয় পৃষ্ঠার চিঠি উদ্ধার করেন। চিঠিটিতে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোর করে গর্ভপাত ঘটানোর জন্য সুরাজকে দায়ী করে গেছেন জিয়া। চিঠির ওই অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সুরাজকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সত্য কি না তা খতিয়ে দেখতে এখন জিয়ার মরদেহের ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ।

এ ব্যাপারে এক পুলিশ কর্মকর্তা বলেন, “সুইসাইড নোটটিতে এসব অভিযোগ আছে; কিন্তু কেবল এটির ভিত্তিতেই আমরা কিছু করতে পারি না। মৃত্যুর পর জিয়াকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের দেওয়া প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি আমরা। প্রতিবেদনটি হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।”

তিনি আরও জানান, তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে জিয়ার চিঠিটিকে বেশ শক্ত একটি প্রমাণ হিসেবেই ধরছেন তারা। পাশাপাশি তারা জিয়ার মোবাইল ফোনের টেক্সট মেসেজগুলো বের করার চেষ্টা চালাচ্ছেন; ফোনটি পাসওয়ার্ড প্রটেক্টেড হওয়ায় এখনও তারা কিছু বের করতে পারেননি। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জিয়ার মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল সুরাজ এবং জিয়ার মধ্যে। বলিউডি অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং অভিনেত্রী জরিনা ওয়াহাবের ছেলে সুরাজকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আটক করে পুলিশ; ১৩ তারিখ পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন বলে জানা গেছে।