২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরের সঙ্গে অভিনয় করবেন না দীপিকা

ব্যস্ততার কারণে রণবীরের সঙ্গে ‘রয়’ সিনেমায় অভিনয় করবেন না দীপিকা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ব্যাপক সাফল্যের পর সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘রয়’-এ অভিনয় করার কথা থাকলেও ব্যস্ততার কারণে সিনেমাটিতে অভিনয় করছেন না দীপিকা পাড়ুকন। খবর জি মিডিয়া ব্যুরার।

বলিউডের সাবেক এই প্রেমিক জুটির সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-র ব্যবসায়িক সাফল্য এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি ছাড়িয়ে গেলেও দীপিকা বলেছেন এবার কাজ থেকে কিছুটা বিরতি নিতে চান তিনি।

আর তাই পরিচালক ভূষণ কুমারের ‘রয়’ সিনেমাটিতে রণবীরের সঙ্গে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেননি দীপিকা।

এ বিষয়ে দীপিকা বলেন, “যদি আমি কোনো সিনেমা হাতছাড়া করি, তবে অবশ্যই তার কোনো কারণ থাকে। যদি আমি কোনো চিত্রনাট্য খুবই পছন্দ করি এবং সিনেমাটির প্রযোজককেও আমার ভালো মনে হয়, তবে ব্যস্ততার মধ্যেও আমি সময় বের করে নেই। আমি ততখানি কাজই হাতে নেই যতটা আমার পক্ষে করা সম্ভব।”

দীপিকা জানান তার পরিবার সবসময়ই তাকে সমর্থন দিয়েছে। পরিবারের সঙ্গে এবার কিছুটা সময় কাটাতে চান তিনি।

দীপিকা বলেন, “আমি সবসময়ই বলেছি আমার পরিবার হল আমার শক্তি। তারা জানেন, আমি কতটা ব্যস্ত। তাদের সঙ্গে সময় কাটানোর মতো কোনো সুযোগ নেই আমার। কিন্তু তারা কোনোদিনও অভিযোগ করে না।”

দীপিকা আরও জানান, নিজের কাজের জন্য তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই বর্তমানে কাজ থেকে বিরতি নিয়ে বাবা-মা এবং বোনের সঙ্গে বেড়াতে যাওয়ার চিন্তাভাবনা করছেন তিনি।