পুলিশগিরি’র সাফল্য চান সঞ্জয়
সঞ্জয় চান ‘পুলিশগিরি’-এর বক্স অফিস আয় ১০০ কোটি ছাড়িয়ে যাক ।
সদ্য কারাদণ্ডপ্রাপ্ত বলিউডি অভিনেতা সঞ্জয় দত্তের সর্বশেষ সিনেমা ‘পুলিশগিরি’ সম্পর্কে সিনেমাটির পরিচালক বলেছেন, সঞ্জয় চান সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করুক। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
দক্ষিণী পরিচালক কে এস রবিকুমার সঞ্জয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করেছেন তার প্রথম হিন্দি সিনেমা ‘পুলিশগিরি’। এ বিষয়ে রবিকুমার জানান, সঞ্জয় চান তাদের সিনেমাটি ১০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করুক।
সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে রবিকুমার বলেন, “সিনেমাটি যেভাবে তৈরি হয়েছে তাতে খুবই খুশি ছিলেন সঞ্জয়। তিনি আরও খুশি হবেন যদি সিনেমাটি ভালো ব্যবসা করতে পারে। এমনকি সঞ্জয় আমাদের সবাইকে বলেছেন তিনি চান সিনেমাটি যেন ১০০ কোটি রুপির ব্যবসা করতে পারে।”
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পুলিশগিরি’-তে সঞ্জয়কে দেখা যাবে একজন পুলিশ অফিসার হিসেবে। প্রাচী দেশাই এতে অভিনয় করেছেন তার প্রেমিকার ভূমিকায়। রবিকুমার জানান এটি দক্ষিণী সিনেমা ‘স্যামি’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে রবিকুমার বলেন, “পুলিশের ঘটনা নিয়ে তৈরি সিনেমাগুলো দক্ষিণেও বেশ ভালো ব্যবসা করে থাকে। আমি বাণিজ্যিক সিনেমার একজন নির্মাতা, আর তাই আমি হিন্দি সিনেমার দর্শকদের জন্য উপযোগী কিছু দৃশ্য তৈরি করেছি। সিনেমাটি সবার ভালো লাগবে আশা করছি।”
রবিকুমার আরও বলেন, “আমরা সিনেমাটির কোনো কিছুই পরিকল্পনা ছাড়া করিনি। সঞ্জয়ের কারাদণ্ডের রায় হওয়ার সময় আমাদের শুটিংয়ের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ বাকি ছিল, যা এই সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। সঞ্জয় তার বেশিরভাগ সময় আমাদের শ্যুটিংয়ে দিয়েছেন, তাই আমাদের কোনো কিছুই বদলানোর প্রয়োজন পড়েনি।”
চলতি বছরের মার্চে ১৯৯৯ সালে মুম্বাইয়ের সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্তদের কাছ থেকে অস্ত্র কেনার অভিযোগে ভারতের সর্বোচ্চ আদালত সঞ্জয়কে আত্মসমর্পণের আদেশ দেয়। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এর আগে বিভিন্ন মেয়াদে মোট দুবছর কারাভোগ করেছেন তিনি। বর্তমানে বাকি তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।
