২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিয়ালিটি শো’কে সাইফের না

রিয়ালিটি শো পছন্দ করেন না সাইফ আলি খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 03:09 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

বলিউডের খানদের মধ্যে সবাই কমবেশি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করলেও সাইফ আলি খান বলেছেন রিয়ালিটি শো থেকে দূরে থাকতে পারলেই খুশি তিনি। সাইফের ভাষ্য, রিয়ালিটি শোতে কোনো বিনোদন খুঁজে পান না তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে সাইফ বলেন, “আমি টিভিতে অভিনয়ের ব্যাপারে কিছু জানি না। আমার মনে হয় আমাদের টিভিতে আরও নতুন ধরনের অনুষ্ঠান সংযোজন করা উচিত। আপাতত এখানে শুধুমাত্র গৃহিণীদের পছন্দের অনুষ্ঠানই দেখানো হচ্ছে, এখানে যুবক ছেলেদের জন্য কিছু নেই।”

এমনকি সাইফ তার নতুন সিনেমা ‘গো গোয়া গন’-এর প্রচারের জন্য অন্যান্য শিল্পীদের মতো রিয়ালিটি টিভি শোগুলোতেও অংশ নেননি। সাইফ বলেন, “আমি রিয়ালিটি টিভি অনুষ্ঠান পছন্দ করি না। আমি কেন এসব দেখতে চাইব? আমি ড্রামা পছন্দ করি।”

এদিকে সাইফ রিয়ালিটি শো পছন্দ না করলেও তার মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর এর আগে ‘ধুম মাচা দে’ নামের একটি গানের অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন, সাইফের বোন সোহাকেও দেখা গেছে ‘খেলো জিতো জিও’ নামের একটি অনুষ্ঠানে।