২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় বাড়ছে না সঞ্জয়ের আত্মসমর্পণের

আত্মসমর্পণের জন্য আর সময় পাবেন না সঞ্জয় দত্ত, জানিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 03:07 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলিউডি তারকা সঞ্জয় দত্তকে ১৫ মে তারিখের মধ্যে আদালতে হাজির হতে হবে; জানা গেছে এর চেয়ে বেশি সময় তাকে আর দেওয়া হবে না। খবর এনডিটিভির।

১৯৯৩ সালে মুম্বাই হামলায় ব্যবহৃত অস্ত্র সংরক্ষণের দায়ে অভিযুক্ত অভিনেতা সঞ্জয়ের পক্ষে সম্প্রতি দুজন প্রযোজক আদালতে আবেদন করেন যেন তাকে আত্মসমর্পণের সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আবেদনটি প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে কোর্ট থেকে বলা হয়েছে, “আমরা আগেই বলেছি এই বিষয়ে কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না।”

এক সপ্তাহ আগে সঞ্জয় নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনরায় বিবেচনার জন্য আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়।

এর আগে, চলতি বছরের মার্চে সুপ্রিম কোর্ট সঞ্জয়কে মুম্বাই হামলায় ব্যবহৃত অস্ত্র সংরক্ষণের দায়ে অভিযুক্ত করে পাঁচ বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর এপ্রিলের ২৭ তারিখে সঞ্জয় আদালতের কাছে আবেদন করেন আত্মসমর্পণের জন্য তাকে আরও ছয় মাস সময় দেওয়ার জন্য। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে তাকে চার সপ্তাহের সময় দেন।

এরমধ্যেই, ১৮ মাস কারাভোগ করার পর আপিলের মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন সঞ্জয়; কিন্তু তার পরবর্তী আপিল নাকচ করার ফলে এখন আরও সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে তাকে।