Published : 15 Dec 2025, 03:33 PM
বলিউডের প্রভাবশালী দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন চলছে দুই বছর ধরে। বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া, অভিষেক এবং বচ্চন পরিবারের প্রত্যেকে মুখে কুলুপ এঁটেছেন। দীর্ঘ সময় পরে অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক।
এক পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মত বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অভিষেক সরাসরি কিছু কথা বলেছেন বলে লিখেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সেখানে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদকে তিনি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উড়িয় দেন।

অভিষেক বলেন, “যদি আপনি একজন তারকা হন। তাহলে মানুষের আলোচনা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না। মানুষ আপানকে নিয়ে তিলকে তাল বানাবে। গল্প ছড়াবে।”
তাহলে এতদিন ধরে তাদের নিয়ে এত লেখালেখি কেন, প্রশ্নকর্তা জিজ্ঞেস করায় অভিষেক বলেন, “যার যা ইচ্ছা লিখছে, লিখুক। তবে বিচ্ছেদের বিষয়টির কোনো ভিত্তি নেই।
“আমাদের বিয়ের আগেও কোনো কোনো সংবাদমাধ্যম সিদ্ধান্ত নিয়েছিল, কবে আমাদের বিয়ে হবে, আর বিয়ের পর ঠিক করা হয় কবে আমাদের ডিভোর্স হবে। যদি এসবের মধ্যে কোনো সত্যতা থাকত, তাহলে আমার সত্যিই। যেহেতু ব্যাপারটা পুরোপুরি মিথ্যা। সংবাদমাধ্যমের প্রতি সম্মান রেখে বলছি, তারা অনেক সময় ভুল করে।”
উষ্মা প্রকাশ করে সংবাদমাধ্যমের দায়িত্ববোধ স্মরণ করিয়ে দিয়েছেন অমিতাভপুত্র।
তিনি বলেন, “আপনাদের ভুলে গেলে চলবে না আপনিও কোনো একটি পরিবারের সদস্য। কারও সন্তান, কারও বাবা, কারও স্বামী, কারও স্ত্রী সম্পর্কে লিখছেন। দায়িত্ববোধ থাকা জরুরি। আপনারা আমাকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু আমার পরিবারকে নিয়ে বললে তার জবাব পেতে হবে।
“কোনো মিথ্যা বা বানোয়াট, বাজে কথা আমি মেনে নেব না। মনে রাখুন এখানেই ফুলস্টপ।”
বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে ২০২৩ সালের শেষ দিক থেকে।
ওই বছর প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্বেতা বচ্চানের মেয়ে নভ্যা নাভেলি নন্দা উপস্থিত থাকলেও, একে অপরকে এড়িয়ে যান তারা।
২০২৩ সালের নভেম্বর থেকে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। ওই সময় থেকে সোশাল মিডিয়ায় অভিষেককে নিয়ে কোনো ছবি দেন না ঐশ্বরিয়া। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি।
এর পর থেকে এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছেন, তা প্রমাণ করতে গত দেড় বছরের বেশি সময় ধরে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও তথ্য তুলে ধরেছে।
গুজবে বেশি ডালপালা মেললে আঙুলে পরা বিয়ের আংটি দেখিয়ে অভিষেককে বলতে হয়েছে, “এই দেখুন, আমি এখনো বিবাহিত। আমার সত্যিই কিছু বলার নেই। আমি বুঝতে পারছি, এসব খবর কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমাদের এসব নিয়ে চলতে হয়। কারণ আমরা তারকা।”
তবে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেছে। সে সব অনুষ্ঠানে শ্বশুরবাড়ির সদস্যদের ঐশ্বরিয়া এড়িয়ে চলছেও, স্বামীর সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছেন ঐশ্বরিয়া।