Published : 08 Nov 2025, 08:42 PM
বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারে সবচেয়ে বেশি নয়টি মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের র্যাপার কেনড্রিক লামার।
সিএনএন বলছে, এরপরেই আছেন পপ তারকা লেডি গাগা। সংগীত প্রযোজক সার্কিট এবং জ্যাক আন্তোনফের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন গাগা।
অন্যান্য শীর্ষ মনোনীতদের মধ্যে রয়েছেন সাবরিনা কার্পেন্টার, থমাস এবং ব্যাড বানি। তারা প্রত্যেকে ছয়টি করে মনোনয়ন পেয়েছেন। তালিকায় চমক দেখিয়েছে কে পপ এবং আধ্যাত্মিক গুরু দালাই লামা।
প্রয়াত তবলাবাদক ওস্তাদ জাকির হুসেনের স্মৃতিতে উৎসর্গ করা অ্যালবাম জায়গা করে নিয়েছে গ্র্যামিতে। তবে আমেরিকান পপ তারকা টেইলর সুইফট কিংবা কোল্ডপ্লের নাম নেই মনোনয়নে।
কেনড্রিক লামারের ঝুলিতে যে ৯টি মনোনয়ন এসেছে, বর্ষসেরা অ্যালবাম ‘জিএনএক্স’ এর নাম এসেছে তার মধ্যে। ‘জিএনএক্স’ জিতলে এই পুরস্কারজয়ী প্রথম একক র্যাপ শিল্পী হিসেবে ইতিহাস গড়বেন লামার।
লামারের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী হলেন যুক্তরাষ্ট্রের র্যাপার টাইলার, দ্য ক্রিয়েটরের ‘ক্রোমাকোপিয়া’ ও হিপ-হপ জুটি ক্লিপসের ‘লেট গড সর্ট এম আউট’। এরমধ্যে দীর্ঘ ১৬ বছর পর ক্লিপসের নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে।
গ্র্যামির ইতিহাসে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় এবারই প্রথম জায়গা পেয়েছে তিনটি র্যাপ অ্যালবাম।
‘মেহেম’এর জন্য বর্ষসেরা অ্যালবাম পুরস্কারের দৌড়ে আছেন গাগা।
কে-পপের সাফল্য এসেছে মনোনয়নে। প্রথমবারের মত ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে কে-পপ। এগুলো হলো রোজে ও ব্রুনো মার্সের সাড়া ফেলা ‘আপাতে’ ও নেটফ্লিক্সের ইতিহাসে সর্বাধিকবার দেখা অ্যানিমেটেড সিনেমা ‘কেপপ ডেমন হান্টার্সের’ মেয়েদের ব্যান্ড হান্টার/এক্সের বিশ্বব্যাপী হিট গান ‘গোল্ডেন’।
প্রথম স্প্যানিশ শিল্পী হিসেবে গ্র্যামির তিনটি প্রধান বিভাগ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘রেকর্ড অব দ্য ইয়ার’ শাখায় মনোনয়ন পেয়েছেন ব্যাড বানি।
রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে তার গান ‘ডিটিএমএফ’ প্রতিযোগিতা করছে, কার্পেন্টারের ‘ম্যানচাইল্ড’, ডোচির ‘অ্যানিক্সিটি’, বিলি আইলিশের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, লেডি গাগার ‘আব্রাক্যাডাব্রা’, লামার ও এসজেডএ-এর ‘লুথার’, চ্যাপেল রোনের ‘দ্য সাভওয়ে’ এবং ব্রুনো মার্স ও রোজের ‘এপিটির’ সঙ্গে।
তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা দালাই লামা প্রথমবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছেন। তার ধ্যানের সংগ্রহশালা নিয়ে সাজানো গ্রন্থ ‘মেডিটেশনস: রিফ্লেকশনস অব হিজ হলিনেস দ্য দালাই লামা’ রয়েছে সেরা অডিওবুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগের সংক্ষিপ্ত তালিকায়।
কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের গান গেয়ে সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক বিভাগে মনোনীত হয়েছেন কানাডিয়ান অভিনেতা টিমোথি শ্যালামে। নিজের অভিনীত বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’এর জন্য গানগুলো গেয়েছেন এই তারকা।
পণ্ডিত রবি শঙ্করের মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর দুটি মনোনয়ন পেয়েছেন। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছে তার ‘চ্যাপ্টার থ্রি: উই রিটার্ন টু লাইট’।
সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছে শক্তি ব্যান্ডের ‘মাইন্ড এক্সপ্লোশন (ফিফটিয়েথ অ্যানিভার্সারি ট্যুর লাইভ)’। এটি হল ব্যান্ডের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ট্যুরে লাইভ রেকর্ড করা একটি অ্যালবাম। শক্তি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন।
গতবারের ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার বিজয়ী রোন এই বছরের মনোনীতদের নাম ঘোষণা করেন।
আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি।