২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দশ মাস আগেই বিয়ে সেরেছেন পড়শী

পড়শী জানালেন, দশ মাস আগেই বিয়ে হয়েছে তার। বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি বলে খবরটি এতদিন প্রকাশ্যে আনা হয়নি।

দশ মাস আগেই বিয়ে সেরেছেন পড়শী
কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গেল বছরের মার্চে তার আকদ হয়েছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই। 

রোববার সকাল থেকে পড়শীর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। দিনভর চুপ থেকে বিকেলে ফেইসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী জানান, দশ মাস আগেই বিয়ে হয়েছে তার। বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি বলে খবরটি এতদিন প্রকাশ্যে আনা হয়নি।

পড়শী লিখেছেন, “ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবিসহ সবার সঙ্গে ভাগ করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।”  

জীবনসঙ্গীর পরিচয় দিয়ে এই শিল্পী লিখেছেন, “আমার জীবনসঙ্গীর নাম হামিম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি-এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।”

বিয়ের খবরটি সবাই জেনে যাওয়ায় পড়শী কিছুটা বিব্রতবোধ করছেন। 

তা জানিয়ে তিনি লিখেছেন, “গত বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।”

“যেহেতু আমরা দুই জন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।”

এই শিল্পী জানিয়েছেন, স্বামী নীলয় দেশে ফিরলে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হবে।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর থেকেই নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী। পাশাপাশি কিছু নাটকেও অভিনয় করছেন তিনি। 

সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন এই শিল্পী।