Published : 18 Oct 2025, 10:43 AM
চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে স্কেচ গ্যালারি নন্দনের নাট্যপ্রযোজনা ‘সাজঘর’।
শনিবার বিকাল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
'সাজঘর' নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান।
তিনি বলেন, এটি কেবল একটি নাটক নয়, এটি মূলত একজন অভিনেতার শিল্পীসত্তা ও ব্যক্তি-সত্তার দ্বন্দ্ব এবং গ্রুপ থিয়েটারের সংগ্রাম ও আত্মত্যাগের বাস্তব ছবি।
নাটকটি গ্রুপ থিয়েটারের মঞ্চের পেছনের অপ্রকাশিত দিকগুলো তুলে ধরেছে, যেখানে আছে বন্ধুত্ব, প্রেম, হিংসা, নিঃসঙ্গতা, আত্মপরিচয়ের খোঁজ এবং শিল্পের প্রতি এক অমোঘ টান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচিত থিয়েটার প্রাঙ্গণ, মহড়াকক্ষ, মঞ্চের পিছনের আলো-আঁধারির ভেতর দিয়ে নাটকটি একদল স্বপ্ন দেখানো মানুষদের যাত্রাপথ তুলে ধরে, যারা আর্থিক অনিশ্চয়তার মধ্যেও মঞ্চে আলো জ্বালাতে চায়।
“‘সাজঘর’ শুধুমাত্র একটি নাটক নয়, এটি থিয়েটার চর্চার আত্মবিশ্লেষণ, শিল্পের প্রতি এক অমোঘ দায়বোধ ও গভীর ভালোবাসার প্রকাশ।”
এ নাটকে অভিনয় করছেন সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।