১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্যে এল রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের ‘অনায়াসে’

এটি ‘অনুভব’ অ্যালবামের প্রথম গান। এতে রুনা লায়লার আরও একটি একক গান রয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 11:40 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

প্রকাশ্যে এল কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে বাপ্পা মজুমদারের গাওয়া ‘নতুন আঙ্গিকের’ বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’। 

শনিবার থেকে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি৷

বাপ্পা মজুমদার গ্লিটজকে বলেন, “এটি আমাদের 'অনুভব' অ্যালবামের প্রথম গান। রুনা লায়লা ম্যাম দুর্দান্ত গেয়েছেন। উনি কণ্ঠ দেওয়ায় গানটির আবেদন অন্য রকম হয়ে গেছে।”

রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এটা আমার জন্য দারুণ এক অনুভূতি। উনার মত এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে গান করতে পারা নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি। সেই আনন্দ তো আছেই, পাশাপাশি এটি আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।

“গানটি মূলত তার জন্যই করা হয়েছিল। তিনি গানের কথা দেখে বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও, গানটি ডুয়েট হোক। এরপরই উনার সঙ্গে গানটি গাওয়া। আশা করি, শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে গানটি।”

‘অনুভব’ অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এতে রুনা লায়লার আরও একটি একক গান থাকার কথা বলেছেন বাপ্পা। 

এ অ্যালবামের বাকি গানগুলোতে আরও কণ্ঠ দেবেন তানভীর আলম সজীব, কোনাল, টিনা রাসেল, প্রিয়াঙ্কা গোপ, কলকাতার রাঘব চ্যাটার্জী, আনিলা নাজ চৌধুরী ও বাপ্পা নিজে।

বাপ্পা বলেন, “আমাদের প্রত্যেকটা গান প্রথমে এককভাবে প্রকাশ করা হবে। এরপর চলতি বছরের অগাস্টের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করব।”