১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্র্যামিতে গান ‘জমা দেবে না’ বিটিএস, বিস্ময় ও সমর্থনের জোয়ার

আর্মিরা বলছেন, ‘আমরা বিটিএসের পাশে আছি’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 02:35 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সাত তরুণের জনপ্রিয় ব্যান্ড বিটিএস। 

এই ঘোষণায় বিস্মিত হয়েছেন বিটিএসের ভক্তরা। কারণ দীর্ঘদিন ধরে গ্র্যামি স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছে গ্রুপটি। তবে কেবল বিস্ময় প্রকাশই করেননি তারা। 

ভক্তরা ‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’ হ্যাশট্যাগে বিটিএসের পাশা থাকার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়।

দ্য কোরিয় টাইমস জানিযেছে ইনস্টাগ্রামে বিটিএসের এক বিবৃতি পোস্ট করেছেন গ্রুপের সাত সদস্য আর এম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক।

বিবৃতিতে বলা হয়েছে, “ আমরা এ বছর গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অঞ্চল বা ভাষার সীমার বাইরে গিয়ে সংগীতকে তার নিজস্ব মূল্যেই শোনা ও গ্রহণ করা হবে বলে আশা করছি আমরা। তাই এই সিদ্ধান্ত নিতেই হল।”

এর আগে একাধিকবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিল বিটিএস। তবে গ্র্যামি অ্যাওয়ার্ডস তাদের ঝুলিতে যায়নি।

এরপরই ব্যান্ডটির ভক্তগোষ্ঠীরা সক্রিয় হয়ে ওঠে সোশাল মিডিয়ায় নানা মাধ্যমে। তারা বিটিএসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন।

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ চালুর ঘোষণা দিয়েছে রেকর্ডিং একাডেমি।

এখন বিটিএস তাদের সিদ্ধান্ত জানালো। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমির নতুন ‘এশিয়ান পপ’ বিভাগ নিয়ে আপত্তি আছে ব্যান্ডটির। আর তাই গ্র্যামিতে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 ব্যান্ডটির ভক্তরা নিজেদেরকে ‘আর্মি’ বলে পরিচয় দিয়ে থাকে। এই আর্মিরা ‘আমরা বিটিএসের পাশে আছি’ ও ‘বিটিএস নিয়ে গর্বিত’-এসব বার্তা দিয়ে তৈরি হ্যাশট্যাগ তৈরি করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করছেন। 

বিটিএসের এই ঘোষণার পর, ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘অ্যারিরাং’–এর গান ‘এলিয়েনস’ বৃহস্পতিবার বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলের আইটিউনস গানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে।

এই গানে বিটিএস বিশ্বসংগীতের মঞ্চে কোরীয় শিল্পী হিসেবে তাদের অভিজ্ঞতা তুলে ধরেছে। গ্র্যামি নিয়ে বিটিএসের অবস্থানের সঙ্গে গানের বক্তব্যের মিল পেয়েছেন অনেকে। 

‘এলিয়েনস’ গানের প্রযোজক মার্কিন সংগীত প্রযোজক মাইক উইল মেড সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএসকে সমর্থন জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার হিপহপ দল এপিক হাইয়ের সদস্য ট্যাবলো বিটিএসকে সংহতি জানিয়েছে।

প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমির তরফ থেকেও। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হার্ভি মেসন জুনিয়র এশিয়ান পপ বিভাগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

তার ভাষ্য, নতুন বিভাগ চালুর উদ্দেশ্য এশিয়ার শিল্পীদের স্বীকৃতি বাড়ানো। তাদের আলাদা করে রাখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়নি। 

গেল এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হয়েছে বিটিএস; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এই সফরের নাম ‘আরিরাং’। কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮টি। বিটিএসের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট।

কেবল বিশ্ব সফর নয় চলতি বছরে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।

অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।

এই চারবছরে তারা যে একেবারে আড়ালে ছিলেন তা নয়। কেউ কেউ একক গান প্রকাশ করেছেন। কিন্তু বিটিএসের দলগত উপস্থিতি ছিল না। গেল বছর প্রশিক্ষণ শেষে দলের সব সদস্য দলে ফেরেন। আর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের কথা জানিয়ে দেন।

আর পড়ুন-

প্যারিসে বিটিএসের রেকর্ড, ছিলেন মাক্রোঁ

বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের শো বেড়ে ৮৮

বিটিএসের প্রত্যাবর্তন অনুষ্ঠান, সরাসরি দেখাবে নেটফ্লিক্স

‘বিটিএস’ উন্মাদনার অপেক্ষায় বিশ্ব

‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর: ৭৯ কনসার্ট নিয়ে বিশ্ব সফরের ঘোষণা বিটিএসের

৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস