Published : 07 Feb 2026, 11:03 AM
ফেরার মতই ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘বিটিএস’; সাত তরুণের এই দলটি তাদের যে নতুন অ্যালবাম প্রকাশ করতে চলেছে, সেটি ঘিরে অনুষ্ঠান লাইভ প্রচার করবে নেটফ্লিক্স।
আগামী ২০ মার্চ আরএম, সুগা, জে-হোপরা প্রকাশ করতে চলেছেন অ্যালবাম ‘আরিরাং’; পরদিন অর্থাৎ ২১ মার্চ সিউলের গোয়াংহামুন স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টায় বিটিএস তাদের নতুন অ্যালবামের গান শোনাবে 'বিটিএস কামব্যাক লাইভ: আরিরাং' শিরোনামের একটি অনুষ্ঠান।
বিশ্বের ১৯০টি দেশের দর্শকদের জন্য এই অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’।
এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল জিমিনরা। নতুন অ্যালবাম ‘আরিরাং’ দিয়ে ৩ বছর ৯ মাস পর ভক্তদের কাছে ফিরছে দলটি। তবে এই অ্যালবামের ঘোষণা আসে চলতি বছরের শুরুতে।
‘বিটিএস’ এর মিউজিক এজেন্সি ‘বিগহিট মিউজিক’ বলছে, “‘আরিরাং’ বিটিএসের শিল্পীদের শিকড়, পরিচয় এবং অনুভূতিকে তুলে ধরবে। যা তারা শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়।
“‘আরিরাং’ শব্দটির গুরুত্বের কারণে আমরা গানের প্রথম মঞ্চটি এমন একটি স্থানে রাখতে চেয়েছি যা কোরিয়ার প্রতিনিধিত্ব করে।”
কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকে এই নামটি বেছে নিয়েছে তারা। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ মিশে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গানটি কোরিয়ানদের মুখে মুখে ফিরছে।
ক্ষেতখামারে কাজের সময়, আনন্দ-উৎসব বা প্রতিবাদ অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সবখানেই ‘আরিরাং’ গাওয়া হয়েছে।

এদিকে নেটফ্লিক্স আগামী ২৭ মার্চ 'বিটিএস: দ্য রিটার্ন' নামের একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করবে। তাতে দলের অ্যালবাম তৈরির প্রস্তুতির কিছু ভিডিও এবং তাদের সংগীত যাত্রার গল্প তুলে ধরা হবে।
নতুন বছরে কেবল নতুন অ্যালবাম প্রকাশ করেই থামবে না বিটিএস। আগামী এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হওয়ার পরিকল্পনা আছে তাদের; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস।
২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।
অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।
এই চারবছরে তারা যে একেবারে আড়ালে ছিলেন তা নয়। কেউ কেউ একক গান প্রকাশ করেছেন। কিন্তু বিটিএসের দলগত উপস্থিতি ছিল না। গেল বছর প্রশিক্ষণ শেষে দলের সব সদস্য দলে ফেরেন। আর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের কথা জানিয়ে দেন।
আরও পড়ুন
২৭ ফেব্রুয়ারি ও ২০ মার্চ, অপেক্ষায় বিটিএস-ব্ল্যাকপিংক ভক্তরা
‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর: ৭৯ কনসার্ট নিয়ে বিশ্ব সফরের ঘোষণা বিটিএসের