১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২৭ ফেব্রুয়ারি ও ২০ মার্চ, অপেক্ষায় বিটিএস-ব্ল্যাকপিংক ভক্তরা

তিন সপ্তাহের ব্যাবধানে ‘তোলপাড়’ হয়ে যাবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 01:30 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

নতুন বছরে কে-পপের অন্যতম জনপ্রিয় দুই ব্যান্ড বিটিএস এবং ব্ল্যাকপিংক ফিরছে নতুন রঙে। সাত তরুণের দল বিটিএস তাদের অ্যালবামের নাম ঘোষণা করেছে। আর নতুন অ্যালবাম আসছে বলে জানিয়েছে চার তরুণীর দল ব্ল্যাকপিংক।

দ্য কোরিয়া টাইমস বলেছে, রোজ, জেনিরা তাদের ভক্তদের জন্য অ্যালবাম নিয়ে আসছেন সাড়ে তিন বছর পর। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ব্ল্যাকপিংক অ্যালবাম তৃতীয় ইপি, ডেডলাইন।

এদিকে প্রায় চার বছর বিরতি দিয়ে আগামী ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবামটি নিয়ে ফিরছেন আরএম, সুগা জে-হোপরা।

বিটিএস এবং ব্ল্যাকপিংকের অ্যালবাম আসার খবরে দুই ব্যান্ডের ভক্ত-অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন। বেশিরভাগ অনুরাগীরা আশা, দীর্ঘদিন পর তারা এমন কিছু নিয়ে ফিরছেন, তাতে ‘তোলপাড়’ হয়ে যাবে।  

শেকড়কে তুলে ধরেছে বিটিএস

বিটিএস তাদের অ্যালবামের নাম রেখেছে ‘আরিরাং’। কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকে এই নামটি বেছে নিয়েছে তারা।

বিবৃতিতে ব্যান্ডটির এজেন্সি বিগ হিট মিউজিক জানিয়েছে, এই অ্যালবামে নিজেদের শেকড়কে তুলে ধরেছে বিটিএস। 

‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবে মিশে আছে।  প্রজন্মের পর প্রজন্ম ধরে গানটি কোরিয়ানদের মুখে মুখে ফিরছে। 

ক্ষেতখামারে কাজের সময়, আনন্দ-উৎসব বা প্রতিবাদ অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সবখানেই ‘আরিরাং’ গাওয়া হয়েছে।

বিটিএসের অ্যালবামের ঘোষণা আসে বছরের একেবারে শুরুতে। এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল জিমিনরা।

দেশের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন বিটিএসের সদস্যেরা। এর মধ্যে দলের আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন।

২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।

তাই বিরতি ভেঙে গানের অ্যালবাম নিয়ে সামনে সামনে আসছেন কে-পপ তারকারা।

এছাড়া চলতি বছরের এপ্রিল থেকে গান নিয়ে ট্যুরও বের করছে বিটিএস। যে সফর চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। ৯, ১০, ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে তিন দিনের কনসার্ট দিয়ে এই ট্যুর শুরু হবে।

‘জাম্প’ গানটি আছে ‘ডেডলাইনে’

নতুন অ্যালবামের টিজার ছেড়েছে ব্ল্যাকপিংক। অ্যালবামের নাম ‘ডেডলাইন’ নতুন কোনো চমক নয়। গেল বছর এই নামে বিশ্ব সফরের ঘোষণা দেয় দলটি। 

গেল বছরের জুলাইয়ে প্রকাশিত আলোচিত গান ‘জাম্প’ও এই অ্যালবামে রেখেছেন রোজ, জেনিরা। এই গানটি বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে ছিল।

ব্ল্যাকপিংকের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট আগেই বলেছিল গেল বছরের মাঝামাঝি কোরিয় তরুণীদের গানের অ্যালবাম আসছে। সে সময় তা না আসায় এই ব্যান্ডের অনুরাগীরা হতাশ হয়েছিলেন। 

ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, মিউজিক ভিডিও নির্মাণসহ অ্যালবামের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয়েছে। ব্ল্যাকপিংকের ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ও শেষ পর্যায়ে রয়েছে। 

বিভিন্ন দেশের ১৬টি শহরে ৩৩টি শো করেছে দলটি। চলতি মাসের ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তিনটি শো রয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ব্ল্যাকপিংকের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম বর্ন পিংক।

মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ৯ বছরের ক্যারিয়ারে ৩৫টির মত গানে পাওয়া গেছে ব্ল্যাকপিংককে।

আরও পড়ুন

‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর: ৭৯ কনসার্ট নিয়ে বিশ্ব সফরের ঘোষণা বিটিএসের

'ব্ল্যাকপিংকেরনতুন অ্যালবামের মুক্তি পিছিয়েছে