২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা তিনু করিম মারা গেছেন

“সুস্থ মানুষটা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান।"

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন। 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরিশালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে গ্লিটজকে জানিয়েছেন তার  স্ত্রী হুমায়রা নওশিন।

তিনি বলেন, "তিনু করিম সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। আমরা চারদিন আগে ঢাকা থেকে বরিশালে আসি। দুপুর বেলা হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাক করেছে বলে ডাক্তার জানিয়েছেন। সুস্থ মানুষটা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান।" 

নওশিন জানিয়েছেন, নির্বাচন ঘিরে অনেক আত্নীয় স্বজন বরিশালে যেতে পারছেন না। তাই শুক্রবার বাদ জোহর তিনু করিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বরিশালে দাফন করা হবে।

গেল বছরের ২৪ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা। 

সেসময় অভিনেতার কী হয়েছিল প্রশ্নে হুমায়রা নওশিন বলেন, “শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছিল। তখন ডায়রিয়া, বমিসহ কয়েকটি উপসর্গ দেখা দেয়। পরে সেরে গেলেও হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ে তিনু। তার রক্তচাপ ও ব্লাড সুগার মারাত্মকভাবে কমে যায়।

“এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে কেবিনে ছিল, সেখানেই তার হার্ট অ্যাটাক হয়। তারপর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন। তখন তার প্রেশার পাওয়া যায়নি, মস্তিষ্কেও কিছু রক্ত জমাট বাঁধে।”

সে সময় ৪০ দিন হাসপাতালে কাটানোর পর জানুয়ারির প্রথম সপ্তাহে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। 

দুই যুগের বেশি সময় ধরে অভিনয়জগতে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে পথচলা শুরু করেন।

এরপর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তিনুর। সর্বশেষ অভিনেতাকে ‘রাত জাগা ফুল’ চলচ্চিত্রে দেখা গেছে।

এছাড়াও 'সাক্ষাৎকার', ধারাবাহিক নাটক 'মাশরাফি জুনিয়র'সহ নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছেন এই অভিনেতা।

আরও পড়ুন:

ছোট পর্দার অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে