গেমিংয়ের প্রতি আসক্তির সিরিজ ‘সিলভার সাদিয়া’
তিন মিনিট দৈর্ঘ্যের ১৫ পর্বের এই সিরিজ প্রচার হবে সিনেমাওয়ালার ফেইসবুক পেইজে।
নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসা পড়ুয়া এক তরুণীর জীবনের গল্পে নির্মিত হয়েছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’।
মাত্র তিন মিনিট দৈর্ঘ্যের ১৫ পর্বের এই সিরিজটি প্রচার হবে সিনেমাওয়ালার ফেইসবুক পেইজে। সিরিজটি নির্মাণ করেছেন মিরাজ হোসেন।
অভিনয়ে আছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি, কামরুজ্জামান তপুসহ অনেকে। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে আছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই।
‘সিলভার সাদিয়ার’ গল্পে উঠে এসেছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসা পড়ুয়া এক তরুণীর জীবন, যার ভেতরে গোপনে বেড়ে উঠেছিল গেমিংয়ের প্রতি গভীর নেশা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে নিজের একটি দর্শকগোষ্ঠী তৈরি করে। কিন্তু সেই গোপন সত্য একসময় বাবার সামনে প্রকাশ পেলে বাধে বিপত্তি। পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প জড়িয়ে যায় একসঙ্গে।
সিরিজটি নিয়ে মিরাজ হোসেন বলেন, “ছোট পরিসরে গল্প বলার এই নতুন প্রয়াস বর্তমান দর্শকের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিনোদন জগতে এক সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ।”
সাদিয়া চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। তিনি বলেন, “এটি একটি দারুণ উদ্যোগ। ছোট ছোট পর্বে, সুন্দর একটি গল্প বলার নতুন অভিজ্ঞতা। ভীষণ ভালো লাগছে এমন একটি সিরিজে অভিনয় করতে পেরে।”
সিরিজটি প্রযোজনা করেছে ‘মায়ের দোয়া স্টুডিওস’। প্রযোজক নাজিম ফারহান চৌধুরী বলেন, “সময়ের চাহিদার কারণেই বদলে যাচ্ছে গল্প বলার ধরন। নাটক, ফিল্ম এখন পর্দা থেকে হাতের মুঠোয় চলে এসেছে। মায়ের দোয়া স্টুডিওস প্রযোজিত এই সিরিজের মাধ্যমে আমরা ভার্টিক্যাল স্টোরিটেলিংয়ের এক নতুন জগতে পা রাখছি, যেখানে সাহস, আবেগ আর নতুন ভাবনার জায়গা তৈরি হয়েছে।”
