১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পালাকারের ‘এককোটি মনোয়ারা’, আসছে মঞ্চে

নাটকটি তাদের শিল্পযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে জানিয়েছে নাট্যদল ‘পালাকার’।

পালাকারের ‘এককোটি মনোয়ারা’, আসছে মঞ্চে
‘এককোটি মনোয়ারা’ নাটকের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 03:27 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

সময়, মানুষ ও রাষ্ট্রের সম্পর্কের পাশাপাশি ন্যায়বিচার ও প্রতিরোধের প্রশ্নকে নতুনভাবে উপস্থাপন করতে নতুন প্রযোজনা নিয়ে আসছে নাট্যদল ‘পালাকার’। 

নাটকের নাম ‘এককোটি মনোয়ারা’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

বদ্রুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। 

নাটকের প্রেক্ষাপটে দেখা যাবে একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক প্রতীকী আদালতে। সেখানে বিচার শুরু হয়, কিন্তু প্রশ্ন ওঠে— কাঠগড়ায় দাঁড়িয়ে আছে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদেরই নীরব বিবেক? সেই প্রশ্নকে সামনে রেখে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে। 

গল্পে শ্রমজীবী আবুল ফজলের নিখোঁজ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং প্রান্তিক মানুষের বেঁচে থাকার লড়াই উঠে এসেছে। তাদের এই ব্যক্তিগত বেদনা শেষ পর্যন্ত এক বৃহত্তর জাতীয় প্রশ্নে রূপ নেয়। 

নাটকটি তাদের শিল্পযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে জানিয়েছে নাট্যদল ‘পালাকার’। 

নাটকটি নিয়ে বদ্রুজ্জামান আলমগীর বলেন, মানুষের বেঁচে থাকার চিরন্তন অদম্য আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি একটি সমকালীন রাজনৈতিক বয়ান। এর মধ্য দিয়ে ব্যক্তি, রাষ্ট্র, ন্যায়বিচার, স্মৃতি, মাতৃত্ব ও প্রতিরোধের নানা মাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন একামণি ঘোষ, মনীষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান ও জ্যাকলিন কাব্য।