১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কত সম্পদ রেখে গেছেন আশা ভোঁসলে?

আশা ভোঁসলের প্রায় ৮০ থেকে ১০০ কোটি রুপির সম্পত্তি রয়েছে ভারতের বিভিন্ন শহরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 11:28 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

ভারতীয় সংগীতজগতের এমন কিছু কণ্ঠ আছে, যা সময়ের গণ্ডি পেরিয়েও সমান উজ্জ্বল, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে তেমনই এক নাম। প্রয়াত এই শিল্পীর মৃত্যুর পর তার ২৫০ কোটি রুপির (প্রায় ৩৩০ কোটি টাকা) সম্পদের তথ্য সামনে এসেছে। 

এনডিটিভি বলেছে, আশা ভোঁসলের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে চেইন রেস্তোরাঁ ও রিয়েল এস্টেট।

আশা ভোঁসলে যখন সিনেমায় গান গাওয়া শুরু করেন, সে সময় গানের রয়্যালটি পেতেন না শিল্পীরা; শুধু পারিশ্রমিক পেতেন। প্রায় আট দশকের সঙ্গীত জীবনে গানের পারিশ্রমিক থেকে উল্লেখযোগ্য অর্থ আয় করেছেন তিনি।

এছাড়া বিশ্বজুড়ে বহু কনসার্টে অংশ নেন আশা ভোঁসলে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কনসার্টে অংশ নেন বরেণ্য এই শিল্পী।

গানের পাশাপাশি ‘আশাজ’ নামে একটি রেস্তোরাঁ চেইনও প্রতিষ্ঠা করেছিলেন আশা ভোঁসলে। ২০০২ সালে দুবাইয়ে যাত্রা শুরুর পর কুয়েত, বাহরাইন ও যুক্তরাজ্যের বার্মিংহাম ও ম্যানচেস্টারসহ বিশ্বের ১০টি শহরে এই রেস্তোরাঁ চেইনের শাখা রয়েছে।

এনডিটিভি আরও বলেছে, আশা ভোঁসলের প্রায় ৮০ থেকে ১০০ কোটি রুপির সম্পত্তি রয়েছে ভারতের বিভিন্ন শহরে। এর মধ্যে মুম্বাই ও পুনের আবাসিক এলাকায় জমি এবং একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। অ্যাপার্টমেন্টটি পরে তিনি বিক্রি করে দেন।

আশা ভোঁসলের তিন সন্তানের মধ্যে জীবিত আছেন একজন আনন্দ ভোঁসলে। তিনি মায়ের শেষ সময় পর্যন্ত পাশে থেকেছেন।

রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান এই গায়িকা; তার বয়স হয়েছিল ৯২ বছর।

প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ফুসফুসে সংক্রমণ নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে আর ফেরা হয়নি তার। 

ছেলে আনন্দ ভোঁসলে বলেছেন, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কণ্ঠের যে জাদু আশা ভোঁসলেকে করে তোলে প্লেব্যাক সুপারস্টার

লতা বনাম আশা, এক অনন্য দ্বৈরথ

যন্ত্রণাময় দাম্পত্য থেকে আত্মহননের চেষ্টা, আশার জীবনের এক অধ্যায়

অনন্ত সুরলোকে আশা ভোঁসলে