২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছর পর অস্কারজয়ী ডে-লুইস ফিরলেন অভিনয়ে, ছেলের হাত ধরে

সন্তান রোনান ডে-লুইস পরিচালিত ‘অ্যানিমোন’  নামের একটি সিনেমায় ডে-লুইস অভিনয় করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 12:24 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

তিনবারের অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আট বছর আগে।

ডে-লুইস তার সেই সিদ্ধান্ত বদলেছেন। তাকে ফের পাওয়া যাবে সেলুলয়েডের দুনিয়ায়। 

ডেইলি মিল লিখেছে, সন্তান রোনান ডে-লুইস পরিচালিত ‘অ্যানিমোন’ নামের একটি সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন ডে-লুইস।  

এর মধ্যে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়েছে। 

সিনেমার প্রদর্শনী শেষে মঞ্চে উঠে ডে-লুইস বলেন, প্রতিবার কাজ শুরু করার সময় তিনি উপলব্ধি করেন, যেন শূন্য থেকে শুরু করছেন।

“কাজ শুরুর আগে কখনো নিশ্চিত থাকি না যে কাজটি করে উঠতে পারি কি না।” 

ডে-লুইসের কথায়, সিনেমার শুটিংয়ে নামার আগে প্রস্তুতি মূল কথা।

“যদি সেটা সঠিকভাবে করা যায়, তাহলে ক্যামেরা, আলো বা কারিগরি দিকগুলো কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না।” 

২০১৭ সালে পল টমাস অ্যান্ডারসনের ‘ফ্যান্টম থ্রেড’ মুক্তির পর ডে-লুইসের অবসরের ঘোষণা বিশ্ব চলচ্চিত্র জগতে ঢেউ তুলেছিল। অভিনয় ছেড়ে দেওয়ার কারণ তখনো খোলাসা করেনি তিনি; কেবল বলেছিলেন সেটা ছিল সম্পূর্ণ ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’, এর বাইরে তিনি বা তার প্রতিনিধি কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়েছিলেন। শুধু সিনেমা নয়, তিনি সরে গিয়েছিলেন মঞ্চে অভিনয় থেকেও। 

ওই কথার কয়েক মাস পর ‘ডব্লিউ’ ম্যাগাজিনকে ডে-লুইস বলেছিলেন যে, অভিনয় ছেড়ে তিনি তেমন কোনো ‘দুঃখবোধ করছেন না’ কারণ ওই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। 

“অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা মাথায় গেঁথে গেল। সেটা যেন বাধ্যবাধকতায় রূপ নিল।”

কোন কারণে সেই বাধ্যবাধকতা তাও স্পষ্ট করেননি ডে-লুইস।

‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দেয়ার উইল বি ব্লাড’, ‘দ্য লাস্ট অব দ্য মোহিকানস’ খ্যাত অভিনেতা এর মধ্যে রোলিং স্টোন সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে, অভিনয়ে প্রত্যাবর্তনের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

তার ভাষ্য, তিনি ওই সময়ে অবসর নিতে চাননি। কেবল কাজের ধরন বদলে অন্য কোনো কিছুতে মনোযোগী হতে চেয়েছিলেন। 

“মনে হচ্ছে, আমাকে অবসর নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। অথচ কখনোই কিছু থেকে অবসর নেওয়ার ইচ্ছা ছিল না। অভিনয় ছেড়েছিলাম যাতে অন্য কিছুতে ব্যস্ত হতে পারি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ে ফেরার পথ খুঁজে পাওয়া সহজ ছিল না আমার জন্য। তবে রোনানের সঙ্গে কাজ করার সুযোগ আমাকে আবার ফিরিয়ে এনেছে।” 

অভিনয়ে ফিরে আসার বিষয়টি নিয়ে ডে-লুইস সংশয়ে ভুগেছিলেন বলে জানিয়েছেন।

“আবার সিনেমার কাজে যুক্ত হওয়া নিয়ে সংশয় ছিল, ভয়ও ছিল কিছুটা। তবে কাজকে আমি সব সময়ই ভালোবেসেছি।”

২০ বছর বয়সী ছেলে রোনানের সঙ্গে যৌথভাবে ‘অ্যানিমোন’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডে-লুইস।

সিনেমার কাজে শুরু থেকে শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সময় কাটানোকে ‘নিখাদ আনন্দ’ বলে বর্ণনা করেছেন ডে-লুইস।

আর রোনানের কাছেও বাবার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া ‘বিরল ঘটনা’। 

রোনান বলেন, “চিত্রনাট্য লেখার সময় থেকেই চরিত্রগুলো আমাদের সঙ্গে বড় হয়েছে। তাই শুটিং ফ্লোরে গিয়ে নতুন করে চাপ অনুভব করতে হয়নি আমাদের কাউকেই।”

এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান পিটার কুজাওস্কি বলেন, “আমরা একজন অসাধারণ ভিজ্যুয়াল আর্টিস্ট ও অভিনেতার সঙ্গে কাজ করছি। রোনানের মধ্যে আমরা সে ভিজ্যুয়াল আর্টিস্টকে পেয়েছি।”

‘অ্যানিমোন’ সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে রহস্যময় অতীতের ভারে জর্জরিত দুই ভাইয়ের টানাপোড়েনের সম্পর্ক ঘিরে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সামান্থা মর্টন ও স্যামুয়েল বটমলি।

ডে-লুইস প্রথম অস্কার জিতেছেন ‘মাই লেফট ফুট’ সিনেমার জন্য। ‘দেয়ার উইল বি ব্লাড’ ও ‘লিঙ্কন’ সিনেমাও তাকে ফেরায়নি, আরো দুটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ডে-লুইস পেয়েছেন এই দুই সিনেমার জন্য। 

তবে ৪০ বছরের ক্যারিয়ারে কেবল অস্কারই জেতেননি ডে-লুইস। তার ঝুলিতে চারটি বাফটা এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারও আছে।