২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাহুবালি'কে ছাড়াতে পারেনি 'বাজরাঙ্গি ভাইজান'  

সালমান খানের নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-  চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের বলিউডি সিনেমার রেকর্ড গড়লেও,  তেলেগু সিনেমা ‘বাহুবালি’র আয়ের রেকর্ড ছাড়াতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

শুক্রবার ১৭ জুলাই চাঁদ রাতে মুক্তি পেয়ে প্রথম দিনে সিনেমাটি উঠিয়ে নিয়েছে ২৭ কোটি ২৫ লাখ রুপি। কিন্তু তেলেগু ব্লকবাস্টার ‘বাহুবালি’ থেকে অনেকটাই দূরে ছিল ‘বাজরাঙ্গি ভাইজান’-এর আয়ের অঙ্ক।

টুইট করে বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শ জানান, শুধু চলতি বছরের রেকর্ড নয়, নিজের ঈদ রেকর্ডও ভেঙ্গেছেন সালমান। গত বছর ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া ‘কিক’কে (২৬ কোটি ৪০ লাখ রুপি) হারিয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’।  

‘কিক’এর রেকর্ড ভাঙ্গার মাধ্যমে ‘বাজরাঙ্গি ভাইজান’ সালমানের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের সিনেমায় পরিণত হয়েছে। প্রথম দিনের আয়ের হিসাবে এটি আমির খানের ‘পিকে’কেও হারিয়েছে।   

ভারতজুড়ে সাড়ে চার হাজার হলে মুক্তি পেয়েছে কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’। বিশ্লেষকরা জানিয়েছেন, বেশিরভাগ হলের ৯০-৯৫ শতাংশ টিকেট বিক্রি হয়েছে প্রথম দিনেই।

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সালমানকে নিয়ে এই উন্মাদনার সুযোগে টিকেটের দামও বাড়িয়ে দিয়েছেন পরিবেশকরা। মুম্বাইয়ের মাল্টিপ্লেক্স সিনেমাহলগুলোর ১০০-১৫০ রুপির টিকেটের দাম বাড়িয়ে ২০০-২৫০ করা হয়েছে। আর ভালো সিটের টিকেটের দাম ৫০০ থেকে বেড়ে হয়েছে ৭০০-৯০০ রুপি।

শুধু মুম্বাই নয়, একই ঘটনা ঘটেছে দিল্লী, হায়দ্রাবাদ, পুনে, ইন্দোরের মতো বড় শহরগুলোতেও। 

এক পাকিস্তানি শিশুর ভারতে হারিয়ে যাওয়া এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এক ভারতীয় যুবকের অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সালমান ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন বলে মন্তব্য করেছেন তারান আদার্শ। সেই সঙ্গে, শিশু শিল্পী হার্শালি মালহোত্রা এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়নেরও প্রশংসা করেন তিনি। ধারণা করা হচ্ছে, তিন দিনের আগেই ১০০ কোটি ছাড়াবে ‘বাজরাঙ্গি ভাইজান’এর আয়।

চলতি বছরের মে মাসে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় ৫ বছরের কারাদণ্ড পাওয়ার পর এটি সালমানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা, তাই দর্শকের আগ্রহ ছিল আরও বেশি।

পাকিস্তানে ‘বাজরাঙ্গি ভাইজান’