আসছে ‘প্যাসিফিক রিম টু’
২০১৩ সালের হিট সাই-ফাই অ্যাকশন সিনেমা ‘প্যাসিফিক রিম’-এর সিকুয়েল আসছে। ২০১৭ সালে ‘প্যাসিফিক রিম টু’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক গুইলের্মো দেল তোরো।
গুইলের্মো বলেছেন, অনেক বাধা-বিপত্তি এড়ানোর পর অবশেষে চলতি বছরের নভেম্বরেই শুটিং শুরু করবেন সিনেমাটির। তার ভাষ্যে এবারের সিনেমাটির জন্য আরও বড় মাপের গল্পকাঠামো তৈরি করেছেন তারা।
“আমরা এখন গভীর মনোযোগের সঙ্গে রোবট আর কাইজুগুলোর নকশা চূড়ান্ত করছি। তাদের মধ্যকার লড়াইয়ের দৃশ্যগুলো তৈরী করা উপভোগ করছি। সিনেমার শেষে এক মহাযুদ্ধ হবে; সেটা আমরা সপ্তাহদুয়েক আগেই ঠিক করেছি।”
গুইলের্মো আরও বলেন, “আমরা চার মাস ধরে সব কিছুর নকশা চূড়ান্ত করছি এবং নভেম্বরে আমরা এর শুটিং শুরু করবো।”
সিনেমাটির গল্প নিয়ে তেমন কিছু জানা না গেলেও অনেকেই ধারণা করছেন সিকুয়ালটির যাত্রা শুরু হবে মূল সিনেমার সময়কালের কয়েক বছর পরের ঘটনা নিয়ে। এই সময়ে ভীনগ্রহবাসী কাইজুরা আবারও পৃথিবীতে ফিরে আসার পথ খুঁজে পাবে এবং ইয়াগার পাইলটদের আরও একবার ঝাঁপিয়ে পড়তে হবে তাদের সঙ্গে লড়াইয়ে।
এবারের সিনেমায় ইয়াগার পাইলট বেকেটের ভুমিকায় চার্লি হান্যাম আর মাকো মোরির ভূমিকায় জাপানি অভিনেত্রী রিঙ্কো কিকুচি থাকবেন কিনা- এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি এখনও। তবে বিজ্ঞানী নিউটন গ্রিজলারের ভূমিকায় চার্লি ডের ফেরার সম্ভাবনা রয়েছে।
‘প্যাসিফিক রিম টু’ মুক্তি পাবে ২০১৭ সালের ৪ আগস্ট।
