শাকিব, ওমের সঙ্গে ইমনের টক্কর
ছয় বছর পর ঈদে মুক্তি পাচ্ছে মামনুন হাসান ইমন অভিনীত কোনো সিনেমা। ভাইকিংস ব্যান্ড তারকা তন্ময় তানসেন পরিচালিত প্রথম সিনেমায় বিদ্যা সিনহা সাহা মিমের বিপরীতে দেখা যাবে তাকে। শাকিব খান আর টালিগঞ্জের ওমের সঙ্গে তার সিনেমা টক্কর দিতে পারবে বলে আশাবাদী তিনি।
এর আগে ২০০৯ সালে ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল ইমনের ‘এক বুক ভালোবাসা’ সিনেমাটি। সিনেমায় তার সহঅভিনেত্রী ছিলেন অপু বিশ্বাস। আর তাই ঈদে ছবি মুক্তি পাওয়া নিয়ে ভীষণ উত্তেজিত এই অভিনেতা।
“ঈদের মতো বড় উপলক্ষে সিনেমা মুক্তি পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার। ঈদের সিনেমাগুলো নিয়ে আলোচনা হয় বেশি। আমার অসম্ভব পছন্দের সিনেমা ‘পদ্মপাতার জল’। চরিত্রটি ছিল আমার অনেকদিনের চাওয়া। এখন অপেক্ষা সিনেমাটি মুক্তির। অপেক্ষা করছি, দর্শকের মতামতের। তারা কিভাবে নিচ্ছেন, আমাদের সিনেমাটিকে, তা জানতেই মুখিয়ে আছি এখন।”
‘পদ্মপাতার জল’ সিনেমার অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে ইমন গ্লিটজকে বলেন, “সিনেমাটির গল্প শত বছর আগের। রোমান্টিক সিনেমার সবটুকুই অভিনয়নির্ভর। অভিনয়ের জায়গা থেকে কোনো কার্পন্য করা হয়নি। পরিচালক তন্ময় ভীষণ খুঁতখুঁতে। প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি কাউকে কোনো ছাড় দেননি।
সিনেমাটির প্রচারের কাজে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ইমন। ইমন জানালেন, তরুণ দর্শকদের কাছে প্রচুর সাড়া পেয়েছেন তিনি।
“দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমরা। ‘পদ্মপাতার জল’ সিনেমাটি নিয়ে তরুণদের মধ্যে দারুণ উন্মাদনা দেখেছি। সিনেমার ট্রেইলার দেখে তারা জানতে চাইছে সিনেমাটি নিয়ে। তাদের মধ্যে উন্মাদনা আমাকে আশা দেখাচ্ছে। আমি জানি, তরুণ দর্শকরা ঈদে আমার সিনেমাটিকে দারুণভাবে গ্রহণ করবে।”
ইমন বললেন, “সিনেমায় টিকে থাকাই মোটেই সহজ নয়। শুরু থেকেই আমি ধৈর্য ধারণ করে একটির পর একটি সিনেমাতে অভিনয় করে যাচ্ছি। সিনেমাতে কাজ করতে হলে অভিনয়ে সিরিয়াস হওয়াটা ভীষণ জরুরী। আমাদের নতুনদের বিরুদ্ধে অভিযোগ, এসেই হারিয়ে যাচ্ছে। আমি বলবো, যারা হারিয়ে যাচ্ছে তারা কখনও অভিনয় নিয়ে সিরিয়াস নয়। যাদের যোগ্যতা আছে কেবল তারাই সিনেমায় টিকে থাকে।”
চিত্রনায়কদের অনেকেই ভারতীয় সিনেমা আমদানির পক্ষে কথা বললেও ইমনের অবস্থান তার বিপরীতে।
“১০০ কোটি টাকার সিনেমার সঙ্গে কোনোভাবেই আমাদের দুই-তিন কোটি টাকার সিনেমা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।”
