পাকিস্তানে মুক্তি পাচ্ছে 'বাজরাঙ্গি ভাইজান', তবে...
ভারতীয় অভিনেতা সালমান খানের নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান' মুক্তি পাচ্ছে পাকিস্তানেও, তবে কিছু শর্ত থাকছে।
ভাষাগত মিল এবং চাহিদা থাকায় বলিউডি সিনেমা পাকিস্তানে মুক্তি পেয়ে থাকে। তবে যেসব সিনেমায় কোনো না কোনোভাবে ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়টি চলে আসে, সেসব সিনেমা আটকে যায় পাকিস্তানের সেন্সর বোর্ডে।
এর আগে 'এজেন্ট বিনোদ', 'হায়দার', 'বেবি', 'তেরে বিন লাদেন'- এর মতো সিনেমাগুলো পাকিস্তানে মুক্তি দেয়া হয়নি। এমনকি কবির খান পরিচালিত 'এক থা টাইগার' সিনেমাটিও মুক্তির আলো দেখেনি পাকিস্তানে।
'বাজরাঙ্গি ভাইজান'- প্রথম সিনেমা, যেটি এই 'স্পর্শকাতর' বিষয় নিয়ে নির্মিত হলেও ছাড়পত্র পেয়েছে পাকিস্তানে। পিটিআই বলছে, কয়েকটি দৃশ্য কাটছাঁটের পর 'বাজরাঙ্গি ভাইজান' মুক্তির অনুমতি দিয়েছে পাকিস্তান সেন্সর বোর্ড। আর সিনেমাটি মুক্তি পাবে ঈদের মৌসুমেই।
এ বিষয়ে পাকিস্তানের সেন্সর বোর্ড প্রধান মোবাশ্বির হাসান বলেন, "পাকিস্তানের সুশীল সমাজ, সিনেমা সমালোচক এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কয়েকটি দৃশ্য কেটে সিনেমাটি মুক্তি দেয়ার।"
তিনি আরও জানান, এখন পর্যন্ত পাকিস্তানে 'বাজরাঙ্গি ভাইজান' মুক্তির তারিখ নিয়ে কোনো নতুন নির্দেশ দেয়া হয়নি, তাই ভারতের সঙ্গেই পাকিস্তানে মুক্তি পাবে সিনেমাটি।
ঈদের মৌসুমে পাকিস্তান বক্স-অফিসে 'বাজরাঙ্গি ভাইজান'কে টক্কর দিতে হবে উর্দু সিনেমা 'রং নম্বর' এবং 'বিন রোয়ে'র সঙ্গে।
'রং নম্বর'-এ অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান, যিনি আগামীতে শাহরুখ খানের সঙ্গে 'রাইস'-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন।
ভারতে হারিয়ে যাওয়া একটি পাকিস্তানি শিশুর ঘরে ফেরার গল্প নিয়ে গড়ে উঠেছে 'বাজরাঙ্গি ভাইজান'-এর কাহিনি। বোবা শিশুটিকে নিজ দেশে ফিরিয়ে দেয়ার প্রতিজ্ঞা নিয়ে অভিযানে বের হয় এক ভারতীয় যুবক।
কবির খান পরিচালিত 'বাজরাঙ্গি ভাইজান'-এ সালমানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। এছাড়া অভিনয় করেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।
