আসছে 'এবিসিডি থ্রি'
ভারুন ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে আরও একবার ফিরবে ড্যান্স ফিল্ম সিরিজ 'এবিসিডি' (এনি বডি ক্যান ড্যান্স)। সিনেমাটির তৃতীয় পর্ব নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রেমো ডি সুজা।
চলতি বছর দ্রুততম সময়ে শত কোটি রুপি আয় করেছে ভারুন-শ্রদ্ধা অভিনীত 'এবিসিডি টু'। সাফল্যের আনন্দে যখন ভাসছেন দুজন, তখনই এই সিরিজের তৃতীয় পর্ব নির্মাণের ঘোষণা দিয়েছেন রেমো।
তবে ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডেকে রেমো জানান, এখনই শুরু হচ্ছে না 'এবিসিডি থ্রি'র শুটিং।
তিনি বলেন, "এখন আমি অন্য একটি সিনেমার শুটিং করছি। ভারুন এবং শ্রদ্ধাও তাদের কাজে ব্যস্ত আছেন। আমাদের তিন জনের যখন আবার সময় হবে, তখনই আমরা শুরু করবো 'এবিসিডি থ্রি'র কাজ।"
২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের প্রথম ড্যান্স ফিল্ম 'এবিসিডি'র সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছর মুক্তি পায় 'এবিসিডি টু'। প্রথম পর্বে বড় মাপের কোনো তারকা না থাকলেও 'এবিসিডি টু'তে ভারুন-শ্রদ্ধার পর্দা রসায়ন সাদরে গ্রহণ করেছে দর্শক।
কইমই ডটকমের তথ্য অনুযায়ী, তৃতীয় সপ্তাহ শেষে এখন পর্যন্ত 'এবিসিডি টু' আছে বলিউড বক্স-অফিসে এক নম্বরে। এখন পর্যন্ত সিনেমাটির আয় হয়েছে ১০৪ কোটি ৫০ লাখ রুপি।
সম্প্রতি 'এবিসিডি টু'র আয় শত কোটি ছাড়ানোর খুশিতে ভারুন-শ্রদ্ধা আয়োজন করেন এক পার্টির, এতে অংশ নিয়েছিলেন সালমান খান থেকে শুরু করে কাঙ্গানা রানাওয়াতের মত তারকারা।
