প্রথম সেল্ফি তোলা মোমের মূর্তি!
প্রিয় তারকার সঙ্গে সেল্ফি তুলতে কে না ভালবাসে! এবার কিম কার্দাশিয়ান ভক্তদের জন্য সেই সুযোগ করে দিয়েছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। আর তাতে কিমের কোনো আপত্তি নেই, কারণ তিনি নিজেই যে সেল্ফি তোলায় ব্যস্ত!
মাদাম তুসোয় মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ানের মোমের মূর্তি ছিল আগেই। তবে এবার নতুন একটি মূর্তি স্থাপিত হয়েছে, যার বিশেষত্ব হলো এক হাতে সেল্ফি তোলার ভঙ্গিতে মোবাইল ধরা রয়েছে।
মাদাম তুসোর পক্ষ থেকে নিকোল ফেনার জানিয়েছেন, এটিই এই ঐতিহাসিক জাদুঘরের প্রথম সেল্ফি তোলা মোমের মূর্তি।
“এটিই আমাদের প্রথম সেল্ফি তোলা মোমের মূর্তি। যে কেউ চাইলেই কিমের পাশে তার মতো করে দাঁড়িয়ে তার সঙ্গে সেল্ফি তুলতে পারবেন। এর জন্য কেবল তাকে মোবাইলের ছবি তোলার বোতামটি টিপতে হবে।”
ফেনার আরও জানান, শিগগিরই স্ত্রীর মোমের মূর্তির পাশে জায়গা করে নেবেন কানইয়ে ওয়েস্টও। মার্কিন এই আর অ্যান্ড বি তারকার মূর্তিও বসানো হবে কিমের পাশেই।
এবারের মূর্তিটিতে কিমের পরনের পোশাকটি নেওয়া হয়েছে তার এক ইন্সটাগ্রাম ছবি থেকে। এই পোশাকটিই কিম নিজের ব্যাচেলরেট পার্টিতে পরেছিলেন।
