২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘থ্রি হান্ড্রেড’কে ছাড়ালো ‘বাহুবালি’

ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বাহুবালি’ মুক্তির প্রথম দিন থেকেই আলোড়ন সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

মুক্তির দিন ৫০ কোটি রুপি আয় করে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়া সিনেমাটিকে অনেকেই তুলনা করেছেন জ্যাক স্নাইডারের পরিচালিত হলিউডি সিনেমা ‘থ্রি হান্ড্রেড’-এর সঙ্গে। এখন দেখা যাচ্ছে, দর্শকদের মতে ‘থ্রি হান্ড্রেড’-এর চেয়েও ভাল এস এস রাজামৌলির এই তেলেগু সিনেমা। অন্তত সিনেমাটির আইএমডিবি রেটিং বলছে সে কথাই।

ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেইজ, সংক্ষেপে আইএমডিবির ওয়েবসাইটে যে কোনো সিনেমার প্রোফাইলে দর্শকরা তাদের পছন্দ অনুযায়ী রেটিং দিতে পারেন। দশের ভেতর রেটিং ৭ এর উপরে উঠলেই সিনেমাটিকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। ২০০৬ সালের মার্কিন অ্যাকশন পিরিয়ড ড্রামা ‘থ্রি হান্ড্রেড’-এর রেটিং ৭ দশমিক আট।

তবে শুক্রবার মুক্তি পাওয়া ভারতীয় পিরিয়ড ড্রামা ‘বাহুবালি’র বর্তমান রেটিং সাড়ে নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে, এটি ভারতীয় সিনেমার বিকাশের প্রমাণ।

তেলেগু সিনেমা ‘বাহুবালি’র কাহিনি আবর্তীত হয়েছে প্রাচীন ভারতের এক রাজ্যের ক্ষমতা দখলে দুই ভাইয়ের লড়াইয়ের কাহিনি অবলম্বনে। নির্মাতা রাজামৌলি বলেছেন, মহাভারতের ছায়া অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন তিনি।  ওদিকে জ্যা স্নাইডার ‘থ্রি হান্ড্রেড’ নির্মান করেছিলেন প্রাচীন গ্রিস এবং পারস্যের মধ্যে থার্মোপলির যুদ্ধ নিয়ে।

‘থ্রি হান্ড্রেড’-এ অভিনয় করেছিলেন জেরার্ড বাটলার, লেনা হেডি এবং ডমিনিক ওয়েস্ট। ‘বাহুবালি’তে অভিনয় করেছেন প্রাভাস, রানা ডাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেট্টি, রাম্ভার মতো তেলেগু তারকারা।

ইতিহাস সৃষ্টি করেছে ‘বাহুবালি’