‘বোম্বে ভেলভেট’এর পারিশ্রমিক পাননি রানবির-আনুশকা?
ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স-অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে অনুরাগ কাশ্যাপ পরিচালিত ‘বোম্বে ভেলভেট’। শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনয়ের জন্য এখনও পারিশ্রমিক দেয়া হয়নি রানবির কাপুর এবং আনুশকা শর্মাকে।
১৫ মে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মন যোগাতে পুরোপুরি ব্যর্থ হয়। ফলে পরিবেশক ও প্রযোজকদের সবারই এখন মাথায় হাত।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সিনেমাটির কারণে ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছেন কলাকুশলীরাও। এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি ‘বোম্বে ভেলভেট’-এর কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী রানবির ও আনুশকা।
রানবিরের নির্ধারিত পারিশ্রমিকের বেশিরভাগটাই দেওয়া হয়নি। রানবির খানিকটা পেলেও খালি হাতেই বাড়ি ফিরেছেন আনুশকা। সিনেমার চুক্তিপত্রে সই করা বাবদ কিছু অর্থ পেলেও আর কোনো টাকাই পাননি এই দুই অভিনয়শিল্পী।
পুরো তিন বছর ধরে চলেছে ‘বোম্বে ভেলভেট’-এর কাজ। বিশাল বাজেটের এই পিরিয়ড ড্রামা দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল আনুশকার চেহারা বদলে দেওয়া, খল চরিত্রে কারান জোহারের অন্তভূক্তির্, মূল ধারার বাণিজ্যিক সিনেমায় অনুরাগ কাশ্যাপের অভিষেকসহ নানা কারণে।
কিন্তু সিনেমাটির কোনো কিছুই গ্রহণ করেনি দর্শক। মুক্তির দিন সিনেমাটি আয় করে মাত্র ৫ কোটি ২০ লাখ রুপি। প্রথম সপ্তাহান্তে এর আয় ছিল মাত্র ১৬ কোটি ১০ লাখ।
