টেইলর সুইফটের নতুন রেকর্ড
মার্কিন পপ তারকা টেইলর সুইফ্টের অ্যালবাম ‘নাইন্টিন এইটিনাইন’ চলতি দশকে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামে পরিণত হয়েছে।
নিলসেন মিউজিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬ সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘নাইন্টিন এইটিনাইন’-এর ৫০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে, যা কি না গত এক দশকে সবচেয়ে বেশি। এর আগে এই রেকর্ডটি ছিল সংগীতশিল্পী অ্যাডেলের দখলে, যার ‘টোয়েন্টিওয়ান’ অ্যালবামটির ৫০ লাখ কপি বিক্রি হয়েছিল ৪২ সপ্তাহে।
গত দশকে এই রেকর্ডটি ছিল আর অ্যান্ড বি তারকা আশারের। ২০০৪ সালে মুক্তি পাওয়া তার ‘কনফেশন্স’ অ্যালবামটির ৫০ লাখ কপি বিক্রি হয়েছিল মাত্র ১৯ সপ্তাহে।
সুইফ্ট গত সপ্তাহেই এই অ্যালবামের গান ‘ব্ল্যাঙ্ক স্পেস’-এর মিউজিক ভিডিও দিয়ে গড়েছেন আরও এক রেকর্ড। ভেভোতে তার এই ভিডিওটি দ্রুততম সময়ে শত কোটি ভিউ অর্জনে সক্ষম হয়েছে।
২০১৪ সালের অগাস্ট মাসে মুক্তি পাওয়ার পর থেকে ‘নাইন্টিন এইটিনাইন’-এর জয়যাত্রা চলছেই। অনেকেই মনে করছেন, এই সময়ে ভেভো এবং ইউটিউবের মতো সাইটে ‘শেইক ইট অফ’, ‘ব্ল্যাঙ্ক স্পেস’, ‘স্টাইল’ এবং ‘ব্যাড ব্লাড’-এর মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে বছরজুড়েই শ্রোতা এবং দর্শক মহলে আলোচনায় থেকেছেন সুইফ্ট। আর এটাই তাকে সাহায্য করেছে ‘নাইন্টিন এইটিনাইন’-এর জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে।
