ভিভিয়েন লেই: রূপ কাল হয়েছিল যার
ত্রিশের দশক শেষ হতে চলেছে। ইউরোপে ঘনিয়ে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালোমেঘ। সেই ক্রান্তিকালে মার্কিন প্রযোজক ডেভিড ও’সেলজনিক ভাবছেন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পটভূমিকায় মার্গারেট মিশেলের এপিকধর্মী উপন্যাস ‘গন উইথ দ্য উইন্ড’কে চলচ্চিত্রে রূপদানের কথা।
অনেক চিন্তাভাবনার পর গল্পের নায়ক রেট বাটলারের চরিত্রে ক্লার্ক গেবলকে মনোনীত করলেও উপন্যাসের মূল চরিত্র স্কারলেট ও'হারার ভূমিকায় কাউকেই মানানসই বলে মনে হচ্ছিল না তার এবং ছবিটির পরিচালক ভিক্টর ফ্লেমিংয়ের। সে সময়ের নামী দামী অনেক শিল্পীরই স্ক্রিন টেস্ট নেওয়া হলো। একদিন সেলজনিকের কাছে এলো একটি ফটো অ্যালবাম।উপরে লেখা ‘গন উইথ দ্য উইন্ড’। অ্যালবাম খুলতেই উনবিংশ শতাব্দীর পোশাকে একটি নারীর মুখ ভেসে এলো। সেলজনিক বুঝলেন তিনি স্কারলেট ও’হারাকে খুঁজে পেয়েছেন। এই নারী ব্রিটিশ অভিনেত্রী ভিভিয়েন লেই।
‘গন উইথ দ্য উইন্ড’ ছবিটি দেখে ভিভিয়েন লেইয়ের প্রেমে পড়েননি এমন দর্শক বিরল। লেই ছিলেন এমন একজন অভিনেত্রী যার প্রধান শত্রু ছিল তার অসামান্য রূপ। তিনি ছিলেন হলিউডের ইতিহাসে সর্ব কালের সেরা অভিনেত্রীদের একজন। তার চেহারায় আবেগ খেলা করতো এমন তীব্রভাবে যে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন দর্শকের অনুভূতিকে।
‘থিংগস আর লুকিং আপ’ নামে একটি চলচ্চিত্রে ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেন ভিভিয়ান।এরপর মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। ১৯৩৫ সালে ‘দ্য মাস্ক অফ ভার্চু’ নাটকে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই নাটকে অভিনয়ের সময়ই তার পরিচয় হয় মঞ্চের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা লরেন্স অলিভিয়ারের সঙ্গে। এই পরিচয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তারা দুজনেই ছিলেন তরুণ, সুদর্শন, আবেগপ্রবণ এবং প্রতিভাবান। অবধারিতভাবে তাদের মধ্যে প্রেম হয়। বিশেষ করে ১৯৩৭ সালে ‘ফায়ার ওভার ইংল্যান্ড’ ছবিতে অভিনয়ের সময় তারা উপলব্ধি করেন যে, তাদের জন্মই হয়েছে পরস্পরের জন্য।
কিন্তু সে সময় দুজনেই ছিলেন বিবাহিত। তাই তখন বিয়ে করা সম্ভব হয়নি তাদের পক্ষে। সে সময় ভিভিয়ান তার নামের বানান বদলে ভিভিয়েন হন।
ভিভিয়েন খবর পান যে, ‘গন উইথ দ্য উইন্ড’ চলচ্চিত্রে রূপ পেতে যাচ্ছে। উপন্যাসটি আগেই ভালো লেগেছিল তার। তিনি নিজেই নিজেকে স্কারলেট ও’হারার চরিত্রে মনোনীত করে ফেলেন। নিজের প্রচার প্রতিনিধিকে তিনি বলেন যেভাবেই হোক এই ছবিতে তাকে সুযোগ করে দিতেই হবে। সুযোগ তিনি পেলেন। ১৯৩৯ সালে মুক্তি পেল ছবিটি। বাকিটা তো ইতিহাস।
লরেন্স অলিভিয়ারের সঙ্গে ভিভিয়েনের বিয়ে হয় ১৯৪০ সালে। দুজনকেই এজন্য ত্যাগ স্বীকার করতে হয়। অলিভিয়ারের সন্তান চলে যায় তার সাবেক স্ত্রীর কাছে এবং ভিভিয়েনের সন্তানের অভিভাবকত্ব পান সাবেক স্বামী হোলম্যান লেই।
সন্তানের অভিভাবকত্ব হারাতে হলেও বিয়েতে দুজনেই সুখী হয়েছিলেন এবং দীর্ঘ বিশ বছর তারা ছিলেন পরস্পরের সেরা সঙ্গী। অলিভিয়ার নাইট উপাধি পাওয়ার পর ভিভিয়েন হলেন লেডি অলিভিয়ার। স্বামীর সঙ্গে তিনি শেক্সপিয়ারের সেরা নাটকের সেরা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। হ্যামলেট রূপে কিংবদন্তি স্যার লরেন্স অলিভিয়ারের বিপরীতে ওফেলিয়ার ভূমিকায় তিনি তার সৌন্দর্যে অভিভূত করেন দর্শকদের। ৩০ বছরের মঞ্চ ক্যারিয়ারে কত চরিত্রেই না দেখা গেছে তাকে। লেডি ম্যাকবেথ, ক্লিওপেট্রা, জুলিয়েটের মতো চরিত্রে অভিনয় করেছেন। শুধু শেক্সপিয়ারের নাটক নয়, অভিনয় করেছেন জর্জ বারনার্ড শ’র নাটক এবং গ্রিক ট্র্যাজেডি ‘আন্তিগোনে’তে।
একসঙ্গে অভিনয়ের সময়ই অলিভিয়ার লক্ষ্য করেন ভিভিয়েনের মনোবৈকল্য। তার বাইপোলার ডিসঅর্ডার ছিল। দ্বৈত চরিত্রের রহস্যময় প্রকাশ দেখা যেত তার মধ্যে। কখনো কখনো তীব্র বিষাদে ডুবে থাকতেন দিনের পর দিন। কখনো কখনো অশোভনভাবে চিৎকার করতেন|। আবার সেকথা ভুলে যেতেন। রাতে ঘুমের মধ্যে হাঁটতেন তিনি। রহস্যময় আচরণের কারণে অনেক সময় বিব্রত হতেন অলিভিয়ার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলিউডে লেই ছিলেন ব্যস্ত তারকা। অবশ্য স্থায়ীভাবে লন্ডনেই বাস করতেন তিনি। সৈনিকদের উৎসাহিত করতে অলিভিয়ার এবং তিনি নাটক নিয়ে ঘুরেছেন অনেক দেশ। ১৯৫১ সালে ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ ছবিতে অসামান্য অভিনয় করেন লেই। এটি ছিল লন্ডনের মঞ্চের দারুণ জনপ্রিয় নাটকের চলচ্চিত্ররূপ।
জীবনের শেষ দিকে ১৯৬৩ সালে ‘টভারিচ’ এবং ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘শিপ অফ ফুলস’ তার অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর বহন করছে। এই সময় অভিনেতা জন মেরিভেল ছিলেন তার প্রেমিক ও সঙ্গী। প্রথম স্বামী হোলম্যান এবং দ্বিতীয় স্বামী অলিভিয়ারও তার খোঁজখবর রাখতেন এবং তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। মেরিভেলের আন্তরিক সেবা সত্বেও লেই ভালোবাসতেন অলিভিয়ারকেই।
১৯৬৭ সালের ৮ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে ভিভিয়েন লেই মৃত্যুবরণ করেন।যক্ষ্মাই ছিল মৃত্যুর কারণ এবং অলিভিয়ারের সঙ্গে বিচ্ছেদের ফলে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি।
লেই সম্পর্কে সে সময়ের নামকরা পরিচালক ও সমালোচকরা বলেছেন যে, তার প্রধানতম শত্রু ছিল তার রূপ। তার সৌন্দর্য নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে, তার আড়ালে ঢাকা পড়ে গেছে অসাধারণ অভিনয় প্রতিভার স্বীকৃতি। তিনি সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন দুবার।আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট তাকে বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেত্রীর তালিকায় ১৬তম স্থানে রেখেছে। হলিউডের সেরা তারকাদের মধ্যে তিনি প্রথম সারিতে চিরস্থায়ী অবস্থানে রয়েছেন।
ভিভিয়েন লেইয়ের অভিনয়ে আবেগের তীব্র প্রকাশ দেখা যেত এবং দ্রুত তিনি অভিব্যক্তি পরিবর্তন করতে পারতেন। তার অনিন্দ্যসুন্দর চেহারায় ফুটে উঠত কখনো প্রেম, কখনো বিস্ময় এবং ঘৃণা। সর্বোপরি তার সৌন্দর্যে ছিল অভিজাত ব্রিটিশ নারীর মনোরম কমনীয়তা। এই বৈশিষ্ট্যই তাকে বিশ্ব চলচ্চিত্রে দিয়েছে অমরত্ব।
