শাহিদ-মিরার বিয়ে বৃত্তান্ত
মুম্বাই সিনেপাড়ার সুযোগ্য পাত্রদের তালিকা থেকে অবশেষে কাটলো শাহিদ কাপুরের নাম। ৭ জুলাই দিল্লীর মেয়ে মিরা রাজপুতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। তিন দিনের অনুষ্ঠানের পুরোটাই হয়েছে ঘরোয়াভাবে।
মিরা যখন 'নায়িকা'
আমন্ত্রিত অতিথিদের ভাষ্য অনুযায়ী, শাহিদ-মিরার সংগীত সন্ধ্যা ছিল সবচেয়ে আকর্ষণীয়। বিয়ের আগের দিন সন্ধ্যায় গুরগাঁওয়ে অনুষ্ঠিত হয় শাহিদ-মিরার সংগীত। অতিথিদের মনোরঞ্জনের জন্য বলিউড স্টাইলে তৈরি করা হয় একটি বিশেষ পোস্টার, যেখানে নায়িকার বেশে দেখা যায় মিরাকে। সিনেপাড়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকলেও পুরোদস্তুর নায়িকার মতোই হবু স্বামী শাহিদের সঙ্গে নাচেন তিনি।
সেদিন 'চিটিয়া কালাইয়া' ছাড়াও শাহিদের সিনেমার জনপ্রিয় গান 'তু মেরে আগাল বাগাল', 'তুম সে হি'সহ বেশ কয়েকটি গানের সঙ্গে মিরাকে নিয়ে পারফর্ম করেছেন শাহিদ।
শাহিদের আবেগী বক্তব্য
ছাত্রাপুরে অবস্থিত মিরার পারিবারিক খামারবাড়িতে অনুষ্ঠিত হয় শাহিদ-মিরার বিয়ে। ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, সকাল ১১টার দিকে বিয়ে পড়ান পণ্ডিত। নিজের বিয়েতে শাহিদ পেয়েছেন তিন মায়ের আশীর্বাদ। নিজের মা নিলিমা আজিম ছাড়াও অংশ নিয়েছিলেন বাবা পংকজ কাপুরের বর্তমান স্ত্রী সুপ্রিয়া পাঠক এবং নিলিমার সাবেক স্বামীর বর্তমান স্ত্রী বন্দনা সাজনানি।
বিয়ের বাদ্যি বাজালেন খোদ শাহিদ
বরযাত্রীর নিয়ে মিরার বাড়িতে যাওয়ার সময় ঢোল বাজাতে দেখা গেছে শাহিদকে। সূত্র জানিয়েছে, পুরো যাত্রায় শুধু শাহিদের ঢোল ছাড়া আর কোনো বাদ্য বাজেনি।
বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শুধু ঘনিষ্ঠ আত্মীয়রাই। শাহিদের পক্ষ থেকে ৪৫ জন আর মিরার পক্ষ থেকে ছিলেন ১০৫ জন অতিথি। মিরার পরিবার পাঞ্জাবী হওয়ায় তাদের বিয়েও হয় পাঞ্জাবী রীতিতে।
এক ধর্মীয় দলের আয়োজনে নিয়মিত অংশ নিতেন শাহিদের পরিবার। ওখানেই মিরার পরিবারের সঙ্গে পরিচয়। বাবা পংকজ কাপুরের পছন্দেই শাহিদের সঙ্গে দেখা হয় মিরার। নবদম্পতির বয়সের ফারাক ১৩ বছর হলেও শাহিদের পরিবারে বেশ ভালই মানিয়ে নিয়েছেন মিরা।
৩৪ বছর বয়সী শাহিদ ক্যারিয়ারের শুরুতেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে। ২০০৪ সালে 'ফিদা' সিনেমার সেট থেকে সেই প্রেম গড়ায় ২০০৭ পর্যন্ত। সে বছর একসঙ্গে 'জাব উই মেট' সিনেমায় অভিনয়ের পর নিজেদের সম্পর্কের ইতি টানেন তারা। এরপর থেকে বিভিন্ন সময়ে শাহিদের নাম জুড়েছে বিদ্যা বালান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার মতো নায়িকাদের সঙ্গে।
৬ ও ৭ জুলাই বিয়ের অনুষ্ঠানের পর ১১ জুলাই মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছে নবদম্পতির পরিবার। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের রথী-মহারথীরা। সম্প্রতি মুম্বাইয়ে সমুদ্র ঘেঁষা একটি ফ্ল্যাট কিনেছেন শাহিদ। স্ত্রীকে নিয়ে সেখানেই শুরু করবেন নতুন জীবন।
