'মেয়েটির বাবা যদি ট্রাফিক নিয়ম মানতেন'
ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনী রাজস্থানের দৌসায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার জন্য দায়ি করেছেন দুর্ঘটনায় নিহত দুই বছরের শিশুর বাবাকে। এ বিষয়ে করা হেমার টুইট এর মধ্যেই বিতর্কের ঝড় তুলেছে।
শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হেমা টুইট করেন, “আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে সে শিশুটির জন্য যে কোনো কারণ ছাড়াই প্রাণ হারিয়েছে এবং তার পরিবারের সদস্যদের জন্য, যারা আহত হয়েছেন।”
“শুধু যদি মেয়েটির বাবা ট্রাফিক নিয়ম মেনে চলতেন, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না এবং শিশুটি বেঁচে থাকতো।”
পরবর্তী বেশ কয়েকটি টুইটে হেমা ধন্যবাদ জানান তার শুভানুধ্যায়ীদের।
“ভারত এবং গোটা বিশ্ব থেকে শুভানুধ্যায়ীদের আসা কল এবং বার্তা পেয়ে আমি অভিভূত। আপনাদের সবাইকে আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।”
একই সঙ্গে এই দুর্ঘটনা নিয়ে গণমাধ্যমের অতিরিক্ত আগ্রহ বিষয়ে বিরক্তি প্রকাশ করেন হেমা।
“গণমাধ্যম এবং জনতার একটি অংশ যারা এই বিভীষিকার মধ্যেও আমাকে নিয়ে টানাহেঁচড়া করেছেন, তাদের শুধু এটুকুই বলবো, লজ্জা হওয়া উচিৎ আপনাদের। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।”
