২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফেইসবুক থেকে নায়ক-নায়িকা নেওয়া হচ্ছে'

ঢাকাই সিনেমায় পেশাদার অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকের ভীষণ অভাব রয়েছে বলে মনে করেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রবীন অভিনেতা মামুনুর রশীদ। তিনি মনে করছেন, এই মুহূর্তে ঢাকাই সিনেমাতে চর্চা না করার সংস্কৃতির চর্চা চলছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:14 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে গ্লিটজের সঙ্গে আলাপে মামুনুর রশীদ বলেন, “ইদানিং দেখা যাচ্ছে, স্রেফ ফেইসবুকে ছবি দেখে পরিচালকরা নায়ক নায়িকা নির্বাচন করছেন। পরিচালকরা যাদের নির্বাচন করছেন, তাদের অভিনয়ের কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা নেই। পরিচালক ও প্রযোজকদের মধ্যে সিনেমা সংস্কৃতির চর্চা নেই বললেই চলে। চলচ্চিত্রগুলো যেসব চ্যানেলে চলে সেই চ্যানেল মালিকদেরও অনেকের মধ্যে সংস্কৃতির চর্চা নেই। সব মিলিয়ে এখন ইন্ডাস্ট্রিতে চর্চাহীন সংস্কৃতির চর্চা চলছে।”

সম্প্রতি ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের জন্য ২০১৩ সালের শ্রেষ্ঠ খল চরিত্রের পুরস্কারটি ঝুলিতে পুরেছেন মামুনুর রশীদ। প্রবীণ এই অভিনেতা মনে করেন, চলচ্চিত্রের ইতিবাচক চরিত্রগুলোকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হচ্ছেন চিত্রনাট্যকাররা। তাই তিনি খল চরিত্রে অভিনয়ে ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করছেন।

“আমাদের দেশের চিত্রনাট্যকাররা সিনেমায় ইতিবাচক চরিত্রগুলোকে যতটা শক্তিশালীভাবে ফুটিয়ে তোলার কথা ছিল, ততোটা ফুটিয়ে তুলতে পারেনি। আমি নাটক, মঞ্চ, সিনেমাতে এমন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এখন সিনেমাতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। আমিও তাতে স্বচ্ছন্দ্য।”

মামুনুর রশীদ অভিনীত ‘নদীজন’ সিনেমাটি এবার ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। গ্রামীণ পটভূমিকায় নির্মিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন খল চরিত্রে। নদীপাড়ের জীবনচিত্র, সমাজব্যবস্থা, নারীর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা শাহনেওয়াজ কাকলী।

তিনি জানালেন, প্রবীণ অভিনেতা হলেও কাকলী অভিনয়ের জায়গা থেকে এক বিন্দুও ছাড় দেননি তাকে। 

সিনেমাটি এবারের ঈদে শুধুমাত্র যমুনা ব্লকবাস্টাসর্ে মুক্তি পাবে। তাতে অবশ্য খুশি নন এই অভিনেতা। ‘নদীজন’- এর মতো সিনেমাগুলোকে আরও বেশি হলে মুক্তি না দেওয়ার ব্যাপারে প্রযোজকদের উপর বেজায় নাখোশ তিনি। তিনি মনে করেন, এ ধরনের সিনেমাগুলোকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযোজকদেরও ‘যথেষ্ট অনীহা’ রয়েছে।

“খুব কষ্ট লাগে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে রেকর্ড গড়া ‘মৃত্তিকা মায়া’ সিনেমাটি দর্শক দেখতে পেলো না। ‘নদীজন’ সিনেমাটির ক্ষেত্রেও একই পরিণতি হতে চলেছে। ‍কিন্তু এই সিনেমাগুলো কিন্তু তরুণ দর্শকদের একাংশ দারুণভাবে গ্রহণ করছে। তাদের কাছে আবেদন তৈরি হচ্ছে ‘নদীজন’-এর মতো সিনেমার।”

মামুনুর রশীদ এখন আরও অভিনয় করছেন গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমাতে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ সিনেমাতে তিনি অভিনয় করছেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের চরিত্রে। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কুসুম শিকদার।