যেভাবে শাহরুখ 'দিওয়ানা' হলেন
২৫ জুন নিজের ক্যারিয়ারের ২৩ বছর পূর্তি উদযাপন করলেন বলিউডের কিং খান শাহরুখ। কিন্তু অনেকেই জানেন না, আরেক জনের ফেলে দেয়া সুযোগ লুফে নিয়েই আজ রাজার আসনে বসতে পারছেন এসআরকে।
শাহরুখের প্রথম সিনেমা 'দিওয়ানা' মুক্তি পায় ২৩ বছর আগে, ১৯৯২ সালের ২৫ জুন। এর কাহিনী গড়ে উঠেছিল কাজল নামের এক নারীকে নিয়ে, সড়ক দুর্ঘটনায় যার স্বামী রাভি মারা যায়। বিধবা কাজলের জীবনে আসে রাজা। কাজলের জন্য দিওয়ানা হয়ে যায় সে, তাকে আবার ফিরিয়ে আনে জীবনের পথে।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাহরুখ অভিনয় করেছিলেন রাজা চরিত্রে। তার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতি। আর ঋষি কাপুর অভিনয় করেছিলেন রাভির ভূমিকায়।
প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন শাহরুখ। কিন্তু অনেকেরই জানা নেই, রাজার চরিত্রটি শাহরুখের কাছে আসে অভিনেতা আরমান কোহলির হাত ঘুরে। হিন্দুস্তান টাইমস বলছে, প্রথমে এতে অভিনয়ের জন্য আরমানকে প্রস্তাব দেন পরিচালক রাজ কানওয়ার। আরমান রাজি না হওয়ায় নতুন মুখ শাহরুখকে সুযোগ দেন তিনি।
'দিওয়ানা' ছিল ১৯৯২ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম, যা পরবর্তীতে শাহরুখকে এনে দেয় 'বাজিগার', 'ডার' এবং 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র মতো সিনেমায় অভিনয়ের সুযোগ।
