২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটক থেকে চলচ্চিত্র - এবার শ্যামলের পালা 

ছোট পর্দার পরিচিত মুখ শ্যামল মওলা প্রস্তুত চলচ্চিত্রের জন্য। বলছেন যে কোনো ধাঁচের চলচ্চিত্রে অভিনয়ে তিনি কেবল আগ্রহীই নন, তৈরিও। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 11:32 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

মাকসুদুল হক ইমু পরিচালিত ‘গড়মিল’ নাটকের সেটে গ্লিটজের সঙ্গে আলাপে শ্যামল বলছিলেন, বেশ কটি চলচ্চিত্রের ব্যাপারে কথাবার্তা চলছে। সবকিছু চূড়ান্ত হওয়া কেবল সময়ের ব্যাপার। 

“সবকিছুর পরে আমার টার্গেট চলচ্চিত্র। আমি এখন চলচ্চিত্রে অভিনয় করতে চাই, আর সে জন্য প্রস্তুতও। প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে, সেজন্য ঘাটতিগুলো পূরণ করে নিচ্ছি। অভিনয়ের প্রস্তুতি আমি টিভি নাটক থেকেই নিচ্ছি।”

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘গেরিলা’য় হিসেবে গেরিলা হিসেবেই অভিষিক্ত শ্যামল বলছেন, বাণিজ্যিক চলচ্চিত্রে আবির্ভাবের জন্য নাচের চর্চাও করছেন তিনি। 

“চলচ্চিত্র সে যে ধারার হোক না কেন, আমি অভিনয় করতে প্রস্তুত। সেক্ষেত্রে গল্প ও চরিত্র বিবেচনায় আমার অভিনয়ের সুযোগ কতটুকু আছে, তা আমি বিবেচনা করব। বাণিজ্যিক সিনেমার জন্য যে ধরনের নাচ-গান শেখা দরকার, তার চর্চা কিন্তু আমি করছি। ছোটবেলা থেকে আমি কোনো অভিনেতার অভিনয় বা নাচ ভালো লাগলে তা তুলে ফেলতাম। তার মতো করে চর্চা করতাম। তাছাড়া আমি অ্যাথলেট, নাচের ক্ষেত্রে আমি বাড়তি সুবিধা পাবো।”

টিভি নাটক থেকে চলচ্চিত্রে এসে শ্যামল কি পারবেন ভিন্ন কিছু করতে - এমন প্রশ্নের জবাবে বললেন,  “সবদিক থেকে যদি কাজের মান ঠিক থাকে, চলচ্চিত্রটি যথাযথ হয় আর দর্শক যদি আমাকে সত্যি গ্রহণ করে, তবে আমি টিকবো ইন্ডাস্ট্রিতে। সব কিছু নির্ভর করছে দর্শকের উপর। হুট করেই একজন নবাগত অভিনেতা হিট করবে, এমনটি আমি মনে করি না। তাকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। তারপরও দর্শক না চাইলে আমার আর কিছু করার নেই।”

এ্রর আগে শ্যামল মওলা প্রশান্ত অধিকারীর ‘সিবালোভা কেমাতো’ এবং তাজু কামরুলের ‘সংকল্প’ সিনেমাতে অভিনয় করলেও সে সিনেমাগুলো মুক্তির আলো দেখবে কি না, তা নিশ্চিত নয়।
 

ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম