'মাই হার্ট উইল গো অন' স্রষ্টার মৃত্যু
প্রখ্যাত সংগীত পরিচালক এবং গীতিকার জেইমস হর্নার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সান্তা বাবর্ারায় এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ বছর বয়সী এই অস্কারজয়ী সংগীতকার।
'টাইটানিক' সিনেমার 'মাই হার্ট উইল গো অন' গানটিতে সুরারোপ করে দুটি অস্কার জিতেছিলেন হর্নার। এছাড়াও 'অ্যাভাটার', 'ব্রেইভহার্ট' এবং 'এ বিউটিফুল মাইন্ড' এর মতো অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার সুরকার ছিলেন তিনি।
হর্নারের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তার সিনেমা মিউজিক পেইজের সহকারী সিলভিয়া প্যাট্রিজা।
"অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং অশেষ প্রতিভাধর এক ব্যক্তিকে আজ হারিয়েছে আমরা। তার পছন্দের কাজটি করবার সময়েই তার মৃত্যু ঘটেছে। তার প্রতি সমর্থন জোগানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ"- প্যাট্রিজা তার ফেইসবুক পেইজে এমনই এক শোকবার্তা জানান সোমবার।
অবসরে বিমান চালাতে ভালবাসতেন হর্নার। দুর্ঘটনা কবলিত বিমানটি তার নামেই নিবন্ধিত ছিল।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেইমস ক্যামেরনের অস্কারজয়ী চলচ্চিত্র 'টাইটানিক' এর 'মাই হার্ট উইল গো অন' হর্নারেরই অন্যতম সেরা কাজ। সেলিন ডিওনের গাওয়া এই গানটির জন্য সে বছর অরিজিনাল ড্রামাটিক স্কোর এবং সেরা সংগীত বিভাগে অস্কার জেতেন হরনার। সারা বিশ্বে প্রায় দুই কোটি সাত লাখ কপি বিক্রি হয়েছে 'মাই হার্ট উইল গো অন' গানটির।
পরিচালক ক্যামেরনের সঙ্গে তার জুটি বরাবরই প্রশংসিত হয়েছে। ক্যামেরনের অন্যতম দুইটি ব্লকবাস্টার সিনেমা 'এলিয়েনস' এবং 'অ্যাভাটার' - এ সংগীত পরিচালকের দায়িত্বে ছিলেন হরনার। 'অ্যাভাটার' এর সিকুয়ালেও হর্নার ইতোমধ্যে কাজ করেছেন বলে জানা গেছে।
বিখ্যাত সিনেমা ফ্র্যাঞ্চাইজি 'স্টার ট্রেক' এর দুটি সিনেমাতেও সুরকারের দায়িত্ব পালন করেছেন হর্নার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আরও রয়েছে 'দ্য লেডি ইন রেড'(১৯৭৯), 'উলফেন'(১৯৮১), 'রেড হার্ট'(১৯৮৮), 'গ্লোরি'(১৯৮৯), 'দ্য রকেটিয়ার'(১৯৯১), 'প্যাট্রিওট গেইমস'(১৯৯২), 'সার্চিং ফর ববি ফিশার'(১৯৯৩), 'জুমাঞ্জি'(১৯৯৫), 'হাও দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস'(২০০০), 'ট্রয়'(২০০৪) এবং 'দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান'(২০১২)-এর মতো সিনেমাগুলোতে।
