বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয় ‘এবিসিডি টু’র
‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং ‘গাব্বার ইজ ব্যাক’কে পেছনে ফেলে বীরদর্পে এগিয়ে যাচ্ছে নাচভিত্তিক চলচ্চিত্র ‘এবিসিডি টু’। ভারুন ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি প্রথম তিন দিনে আয় করে নিয়ে অর্ধ শত কোটির কাছাকাছি।
চলতি বছর মুক্তির দিন সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ার পর, প্রথম তিন দিনের আয়েও রেকর্ড গড়েছে ‘এবিসিডি টু’। প্রথম দিন সিনেমাটির আয় ছিল ১৪ কোটি ৩০ লাখ রুপি, যা তিন দিনে বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৩৫ লাখে।
বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শ জানান, সেলিব্রিটি কোরিওগ্রাফার রেমো ডি সুজা পরিচালিত ‘এবিসিডি টু’র দ্বিতীয় ও তৃতীয় দিনের সংগ্রহ ছিল যথাক্রমে ১৪ কোটি ৫৪ লাখ এবং ১৭ কোটি ৫১ লাখ রুপি।
মুম্বাইভিত্তিক এক নাচের দলের আন্তর্জাতিক নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের সত্যিকারের কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে‘এবিসিডি টু’। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘এবিসিডি: এনি বডি ক্যান ড্যান্স’-এর সিকুয়াল এটি।
সিনেমাটি ভারতজুড়ে সব ধরনের দর্শকের সাড়া পাচ্ছে বলে জানান বিশ্লেষক কোমাল নেহতা। তিনি ধারণা করছেন আগামী দিনগুলোতে আরও ভাল ব্যবসা করতে পারে ‘এবিসিডি টু’।
দর্শক এবং সমালোচকদের মন জয় করার পাশপাশি তারকা সহশিল্পিদেরও প্রশংসা পেয়েছেন ‘এবিসিডি টু’-এর অভিনেতা ভারুন এবং শ্রদ্ধা। সিনেমাটি দেখে প্রশংসা করেছেন সালমান খান, সোনাক্শি সিনহা এবং জ্যাকুলিন ফারনান্দেজের মতো তারকারা।
